
কলকাতা: দলের বিপর্যয়ে একের পর এক নেতা মুখ খুলতে শুরু করেছেন। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খুলেছেন একাধিক নেতা। প্রশ্ন তুলেছেন দলের ‘কর্পোরেট নীতি’ নিয়েও। এবার রাশ ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের অন্দরের কলহ ও নেতাদের একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর স্পষ্ট বার্তা, “কারও কিছু বলার থাকলে দলকে জানান, বাইরে বলবেন না।” নেত্রী সাফ জানিয়ে দিয়েছে, যাঁরা দল ছাড়তে চান, আটকাবেন না। যাঁরা থেকে যাবেন, তাঁরাই নিরেট সোনা।
দলের শুদ্ধিকরণ ও আনুগত্য
নেত্রী সাফ জানিয়েছেন, যারা দল ছাড়তে চান তারা এখনই চলে যেতে পারেন, তিনি কাউকে আটকাবেন না। যারা কঠিন সময়েও দলের সাথে থাকবেন, তাদের তিনি ‘নিরেট সোনা’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি নতুন করে দল গড়ার সংকল্প নিয়েছেন। তাঁর কথায়, “যাঁরা বেরিয়ে যাওয়ার তারা চলে যান , আমি কাউকে আটকাবো না । কিন্তু যাঁরা পরে থাকবেন, আমার ভাষায় তাঁরা নিরেট সোনা”
সাংগঠনিক সক্রিয়তা
এলাকাভিত্তিক কাজের গতি বাড়াতে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট তলব করেছেন তিনি। পাশাপাশি ব্লক, টাউন ও অঞ্চল স্তরে ছোট ছোট মিছিল ও মিটিং শুরু করার নির্দেশ দিয়েছেন।
পার্টি অফিসের সংস্কার
দলীয় কর্মীদের মনোবল বাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন প্রতিটি পার্টি অফিস রঙ করতে ও ভাঙা অংশ সারিয়ে তুলতে। প্রয়োজনে তিনি নিজেও পার্টি অফিস রঙ করবেন বলে জানিয়েছেন।
ঘরছাড়াদের তালিকা সরাসরি কালীঘাটে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও আইনি যেকোনও জটিলতায় চন্দ্রিমা ভট্টাচার্যকে দায়িত্ব দিয়ে নেতাকর্মীদের তাঁর সাথে পরামর্শ করার কথা বলেছেন। জেলাওয়ারি নেতাদের খোঁজ নিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, দলের ওপর তাঁর নিয়ন্ত্রণ এখনও অটুট।