
কলকাতা: কেন দলীয় কর্মীদের পাশে নেই শীর্ষ নেতৃত্ব? এ প্রশ্ন দলের অন্দরেই উঠতে শুরু করে। একে একে একাধিক নেতা সে প্রশ্ন তুলেছেন। এবার পথে নামছে তৃণমূল কংগ্রেস। ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলে আগামী ২ জুন কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউতে একদিনের অবস্থান ধরনায় বসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ২ জুন সকাল দশটা থেকে রানি রাসমণি রোডে এই প্রতিবাদী অবস্থান বিক্ষোভ শুরু হবে। প্রথম দিকে দলের শীর্ষ নেতৃত্ব মঞ্চে উপস্থিত থাকলেও, দুপুরের দিকে ধরনা মঞ্চে যোগ দেবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত এটি একদিনের কর্মসূচি হিসেবেই ঘোষণা করা হয়েছে। নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁদের দলীয় কর্মীদের ওপর যে হিংসাত্মক হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠছে, তার বিরুদ্ধেই এই ধরনা থেকে সরব হবেন তিনি।
অন্য দিকে, একই দিনে অর্থাৎ ২ জুন বীরভূমের নানুর সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নানুরে ভোট-পরবর্তী ‘হিংসা’র জেরে আহত ও আক্রান্ত দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। তাঁদের পাশে দাঁড়িয়ে আইনি ও আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়ার পাশাপাশি এলাকার রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখবেন অভিষেক।
ভোটের ফলপ্রকাশের পর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক হিংসা নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীর পোশাকে নিজে এজলাসে গিয়ে সওয়ালও করেছেন। সেখানেও তাঁকে হেনস্থার মুখে পড়তে হয়। তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ আইনজীবীদের একাংশকে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেভাবে নির্বাচনের পর থেকে পথে নামতে দেখা যায়নি।