
কলকাতা: প্রেসিডেন্সি জেলের (Presidency Jail) অন্দরে উদ্ধার একাধিক ইলেকট্রনিক ডিভাইস। গত সোমবার প্রেসিডেন্সি জেলের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে সে সব ডিভাইস। কুখ্যাত জঙ্গি আফতাব আনসারির (Aftab Ansari) সেল থেকে স্মার্টফোন সহ একাধিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। পরে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের হয়েছে।
আফতাব আনসারির কাছ থেকে দুটো স্মার্ট মোবাইল, একটি আইফোন উদ্ধার হয়েছে। এছাড়াও মিলেছে রাউটার, পেন ড্রাইভ, ওটিজি অ্যাডাপ্টার, কার্ড রিডার। পাওয়া গিয়েছে টাকাও। কোথা থেকে এসব এল, তা জানতে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করছে পুলিশ। জেলে বসে কোন ষড়যন্ত্র চালানো হচ্ছিল, কার সঙ্গে দেখা করতেন আফতাব আনসারি, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিজেপি বিধায়ক তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের দাবি, দীর্ঘদিন ধরেই এই চেইন চলছে। তিনি বলেন, “জেলে বসে ফোনে কথা বলা হয়। শুধু ডিভাইস নয়, মদ, বিড়ি, গাঁজাও সাপ্লাই দেওয়া হয়। আরও অনেক কিছু চলে। এমনকী জেলে থাকা মহিলারা প্রেগন্যান্ট হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে চলে আসছে এই নেটওয়ার্ক।” বিধায়ক জানান, আগেও এই অভিযোগ সামনে এনেছেন তিনি, কিন্তু কোনও লাভ হয়নি। তবে, এবার স্ট্যান্ডিং কমিটি তৈরি হয়েছে, সেখানে এই অভিযোগ তুলে ধরেছেন তিনি।
প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্য়োপাধ্যায় বলেন, “জেল কর্তৃপক্ষের জন্য এটা লজ্জাজনক। সেল প্রত্যেকদিন চেক করা উচিৎ। কোথা থেকে এগুলো পেলেন বন্দি? এসব টেরর ফান্ড থেকে আসা টাকা।”