
কলকাতা: সময়ের থেকে কিছুটা আগেই ঢুকছে বর্ষা। ২-৩ দিনের মধ্যে বর্ষা আসছে উত্তরবঙ্গ-সিকিমে। সুখবর শোনাল মৌসম ভবন। প্রাকবর্ষাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। আজ, সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ে আসছে না বর্ষা। আপাতত কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গ জুড়ে দিনভর প্যাচপ্যাচে গরম।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে বর্ষার ঢুকছে দ্রুত গতিতে। আগামী ২-৩ দিনের মধ্যে সিকিম ও উত্তরবঙ্গে পুরোপুরি প্রবেশ করবে মৌসুমী বায়ু। তবে তার আগেই সপ্তাহের শুরুতেই অতি ভারী বৃষ্টির কবলে উত্তরবঙ্গ। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে দুই দিনাজপুরেও বৃষ্টি বাড়বে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গে আপাতত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে দুপুরের পর বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও কাল ঝড়-বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও, বুধবার থেকে পরিস্থিতি বদলাবে। বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। বীরভূম, নদিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের দাপট বেশি থাকবে। বুধবার থেকে কলকাতাতেও ঝড়-বৃষ্টি বাড়বে। সব জেলাতেই ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
মৎস্যজীবীদের সতর্কবার্তা
পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রপৃষ্ঠে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার কারণে আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।