Kali Puja 2026: কালীপুজোর জন্য ৫ থেকে ৯ নভেম্বর একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা, কোন পথে চলবে প্রতিমার গাড়ি?

Kolkata: এই তালিকায় রয়েছে অ্যাম্বুল্যান্স, দমকল, পুলিশ, এনডিআরএফ, এসডিআরএফ, অক্সিজেন সিলিন্ডার, জীবনদায়ী ওষুধ, রক্ত, এলপিজি, সিএনজি, দুধ, সবজি, ফল, মাছ, ডিম, মাংস, বিদ্যুৎ ও জল সরবরাহের গাড়ি। এছাড়াও পুরসভা, নিকাশি পরিষ্কার, টেলিকম, হাসপাতালের সরঞ্জাম, শববাহী গাড়ি, ডাক বিভাগ এবং সংবাদমাধ্যমের গাড়ি চলাচলে ছাড় থাকবে।

Kali Puja 2026: কালীপুজোর জন্য ৫ থেকে ৯ নভেম্বর একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা, কোন পথে চলবে প্রতিমার গাড়ি?
কলকাতা পুলিশImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 02, 2026 | 5:09 PM

কলকাতা: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই আলোর উৎসবে মাতবে শহর কলকাতা। কালীপুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। প্রতিমা নিয়ে আসা, মণ্ডপে যাতায়াত এবং বিসর্জন ঘিরে যাতে শহরের রাস্তায় যানজট ও বিশৃঙ্খলা তৈরি না হয়, তার জন্য একাধিক বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। সেই কারণে আগামী ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত শহরের বিভিন্ন রাস্তায় বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ জারি করা হচ্ছে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এই সংক্রান্ত নির্দেশিকা জানিয়েছেন।

পুলিশের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট কয়েকটি রাস্তা দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। পাশাপাশি প্রতিমার গাড়ি চলাচলের জন্য নির্দিষ্ট রুটও ঠিক করে দেওয়া হয়েছে। কালীপুজোর সময় সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে বেশ কিছু রাস্তা বন্ধ রাখা হবে। এক নজরে দেখে নিন, কবে থেকে কোথায় কী কী বিধিনিষেধ থাকছে।

৫ থেকে ৮ নভেম্বর: বিকেল ৪টে থেকে ভোর ৫টা পর্যন্ত নিয়ন্ত্রণ

৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টে থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত রবীন্দ্র সরণিতে বিশেষ নিয়ন্ত্রণ থাকবে।

গালিফ স্ট্রিট থেকে বি কে পাল অ্যাভিনিউ পর্যন্ত রবীন্দ্র সরণিতে প্রতিমার গাড়ি ছাড়া অন্য কোনও পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না।

গালিফ স্ট্রিট মোড় থেকে রবীন্দ্র সরণি ধরে দক্ষিণমুখী গাড়ি চলাচল প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ বা বন্ধ করা হতে পারে।

৫ নভেম্বর রাত থেকে ৮ নভেম্বর ভোর: বিশেষ ট্রাফিক ব্যবস্থা

৫ নভেম্বর রাত ১০টা থেকে ৮ নভেম্বর ভোর ৫টা পর্যন্ত আরও কড়া নিয়ন্ত্রণ থাকবে শহরের উত্তর কলকাতার একাধিক রাস্তায়।

প্রতিমার গাড়ি ছাড়া অন্য পণ্যবাহী গাড়িগুলিকে রবীন্দ্র সরণি এড়িয়ে চলতে হবে। বিকল্প হিসেবে স্ট্র্যান্ড রোড, নিমতলা ঘাট স্ট্রিট, বি কে পাল অ্যাভিনিউ, জে এম অ্যাভিনিউ এবং গিরিশ অ্যাভিনিউ ব্যবহার করতে হবে।

কুমারটুলিগামী প্রতিমার গাড়িগুলির জন্য নির্দিষ্ট রুট রাখা হয়েছে। জে এম অ্যাভিনিউ, বি কে পাল অ্যাভিনিউ, অরবিন্দ সরণি, মদনমোহনতলা, শ্যামবাজার স্ট্রিট, রাজা নবকৃষ্ণ স্ট্রিট হয়ে রবীন্দ্র সরণির উত্তর অংশ দিয়ে গাড়িগুলি বের হবে।

প্রতিমার গাড়ি রবীন্দ্র সরণির পশ্চিম দিকে শোভাবাজার স্ট্রিট থেকে বাগবাজার স্ট্রিট পর্যন্ত পার্ক করা যাবে।

স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডের শোভাবাজার থেকে ডি সি ব্যানার্জি রোড পর্যন্ত অংশ এবং মদনমোহনতলা রোডে অন্য কোনও গাড়ি পার্কিং করা যাবে না।

হাজরা রোড মোড় থেকে কালীঘাট রোডে দক্ষিণ থেকে উত্তরমুখী পথে প্রতিমার গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ি প্রবেশ করতে পারবে না।

তবে এই সময় প্রতিমা নিয়ে যাতায়াতের ক্ষেত্রে শহরের অন্য রাস্তাগুলিও ব্যবহার করা যাবে।

প্রতিমার গাড়ি চলাচলেও থাকছে বিশেষ নিয়ম

কালীপুজোর প্রতিমা নিয়ে যাওয়ার ক্ষেত্রে কয়েকটি রাস্তা ও সেতুতে উচ্চতা সংক্রান্ত বিধিনিষেধ জারি করা হয়েছে।

হরিশ চ্যাটার্জি স্ট্রিট, হরিশ মুখার্জি রোড, কালীঘাট ব্রিজ এবং জিরাট ব্রিজ দিয়ে ৩.১৫ মিটারের বেশি উচ্চতার কোনও প্রতিমার গাড়ি চলাচল করতে পারবে না।

এছাড়া শহরের সমস্ত সেতু ও উড়ালপুলে নির্ধারিত উচ্চতার ব্যারিয়ার মেনেই প্রতিমার গাড়ি চলাচল করতে হবে।

৮ নভেম্বর সকাল ৭টা থেকে ৯ নভেম্বর ভোর ৪টা পর্যন্ত রবীন্দ্র সরণির জাকারিয়া স্ট্রিট থেকে ডি সি ব্যানার্জি স্ট্রিট পর্যন্ত অংশ দক্ষিণ থেকে উত্তরমুখী একমুখী (ওয়ান ওয়ে) থাকবে।

কোন কোন গাড়ি ছাড় পাবে?

ট্রাফিক নিয়ন্ত্রণের আওতায় থাকলেও জরুরি পরিষেবা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহণকারী গাড়িগুলিকে ছাড় দেওয়া হয়েছে।

এই তালিকায় রয়েছে অ্যাম্বুল্যান্স, দমকল, পুলিশ, এনডিআরএফ, এসডিআরএফ, অক্সিজেন সিলিন্ডার, জীবনদায়ী ওষুধ, রক্ত, এলপিজি, সিএনজি, দুধ, সবজি, ফল, মাছ, ডিম, মাংস, বিদ্যুৎ ও জল সরবরাহের গাড়ি। এছাড়াও পুরসভা, নিকাশি পরিষ্কার, টেলিকম, হাসপাতালের সরঞ্জাম, শববাহী গাড়ি, ডাক বিভাগ এবং সংবাদমাধ্যমের গাড়ি চলাচলে ছাড় থাকবে। পুলিশের অনুমোদিত জরুরি পরিষেবার গাড়িও এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

বন্দরমুখী গাড়ি এবং ১৬০০ কেজির কম ওজনের ছোট পণ্যবাহী গাড়ি, যেমন টাটা এস ও মাহিন্দ্রা জিটো, বিকেল ৪টে পর্যন্ত চলাচল করতে পারবে। হালকা পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলাচলের অনুমতি থাকবে।

৮ নভেম্বর বিকেল ৪টে থেকে ৯ নভেম্বর ভোর ৪টে: একাধিক রাস্তা সম্পূর্ণ বন্ধ

কালীপুজো উপলক্ষে ৮ নভেম্বর বিকেল ৪টে থেকে ৯ নভেম্বর ভোর ৪টে পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। তবে স্থানীয় বাসিন্দাদের গাড়ি চলাচলে ছাড় দেওয়া হবে।

বন্ধ থাকা রাস্তার তালিকায় রয়েছে—

1. বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট
2. সূর্য সেন স্ট্রিট
3. শ্যামাচরণ দে স্ট্রিট
4. এস এন ব্যানার্জি রোডের রানি রাসমণি থেকে আর এ কিদওয়াই রোড পর্যন্ত অংশ
5. আর বি অ্যাভিনিউ
6. চেতলা সেন্ট্রাল রোড
7. রাজা রামমোহন রায় সরণি
8. ভীম ঘোষ লেন
9. কেশবচন্দ্র সেন স্ট্রিট
10. সাউদার্ন অ্যাভিনিউয়ের উত্তর চ্যানেল (করুণাময়ী মন্দিরের সামনে)
11. কলেজ স্ট্রিট ও বিধান সরণি
12. মুদিয়ালি রোড
13. লেনিন রোড
14. টালিগঞ্জ রোড
15. বাগদিপাড়া রোড
16. জেলিয়াপাড়া রোড
17. পাহাড়পুর রোড।

এই রাস্তাগুলিতে শুধুমাত্র স্থানীয় বাসিন্দাদের গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হবে। পরিস্থিতি অনুযায়ী কর্তব্যরত ট্রাফিক পুলিশ শহরের যে কোনও রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে দিতে পারবেন।

সুতরাং, কালীপুজোর দিনগুলিতে কলকাতার রাস্তায় বেরনোর আগে ট্রাফিক সংক্রান্ত নির্দেশিকা দেখে নেওয়াই ভাল। বিশেষ করে উত্তর কলকাতা, কালীঘাট, চেতলা এবং টালিগঞ্জের দিকে যাঁদের যাতায়াত রয়েছে, তাঁদের বিকল্প রাস্তার পরিকল্পনা করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us