
কলকাতা: ধর্মতলায় আর করা যাবে না একুশে জুলাইয়ের সভা। লালবাজার থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। কালীঘাট ও ঋতব্রত- তৃণমূলের দুই শিবিরকেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে লালবাজারের তরফে। লালবাজারের তরফে জানানো হয়েছে, ধর্মতলার মতো ব্যস্ত জায়গায় রাস্তা আটকে কোনও রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। তা নিয়ে মুখ খুললেন বিধায়ক কুণাল ঘোষ। বললেন, “বিরোধীদের কণ্ঠ রোধ করছে । কাকে অনুমতি দিল কী দিল না , সেটা ব্যাপার না । ঘটনাটা এখানে ঘটেছিল। একুশে জুলাই এর জন্য রাস্তার অর্ধেক দিতে পারে না?”
ইতিমধ্যেই গত রবিবার ধর্মতলায় গিয়ে কুণাল ঘোষ, দোলা সেনরা ডেকরেটর্সের কর্মীদের দিয়ে মাপজোক করে এসেছিলেন। লালবাজারের অনুমতির আগেই এই মাপজোক নিয়েও দানা বেঁধেছিল বিতর্ক। সচেতকদের বক্তব্য ছিল, ঋতব্রত শিবিরের ওপর স্নায়ুর চাপ বাড়াতে চাইছিলেন কুণালরা। কারণ ঋতব্রতরাও সেখানেই একুশে জুলাইয়ের সভা করতে চেয়েছিলেন। আর এই মাপজোক করার কারণেই কুণাল ঘোষদের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।
সে প্রসঙ্গে কুণাল বলেন, “কুণালের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। গাড়ি আটকায়নি , একটা লোক ছিল না । রবিবারের বৃষ্টি ভেজা দুপুর। তারপর ও কেউ এফআইআর করে? তা সেই প্রেম পত্র এলে জবাব দেব।” এই অভিযোগ দায়ের নিয়ে নিজের সামাজিক মাধ্যমেও পোষ্ট করেছেন কুণাল। তাঁর বক্তব্য, রবিবারের দুপুরে কোথাও কোনও গাড়ি না আটকে যদি তাঁরা রাস্তায় মাপজোক করেও থাকেন, তাহলে কার কী অসুবিধা থাকতে পারে?