2nd Hooghly Bridge: দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ, জলে ভেসে ২ দিন পর দেহ মিলল বাজা কদমতলা ঘাট থেকে

তবে এটি শুধুই আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ওয়েস্ট পোর্ট থানার পুলিশ।

2nd Hooghly Bridge: দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ, জলে ভেসে ২ দিন পর দেহ মিলল বাজা কদমতলা ঘাট থেকে
দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপImage Credit source: Tv9 Bangla And Getty

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 30, 2026 | 1:47 PM

কলকাতা: পারিবারিক অশান্তির জের দ্বিতীয় হুগলি সেতু (2nd Hooghly Bridge) থেকে গঙ্গায় (Ganga) ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। রবিবার বেলার দিকে বাজা কদমতলা ঘাট (Baja Kadamtala Ghat) থেকে ওই ব্যক্তির ভাসমান দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম মহম্মদ সালাম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাত ১০টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) থেকে এক ব্যক্তির গঙ্গায় ঝাঁপ দেওয়ার খবর আসে। সঙ্গে-সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রিভার ট্রাফিক পুলিশ যৌথ উদ্যোগে গঙ্গার বুকে তল্লাশি শুরু করে। সেই ঘটনার প্রায় দু’দিন পর, রবিবার বেলার দিকে বাজা কদমতলা ঘাটের কাছে একটি দেহ ভাসতে দেখেন কর্তব্যরত কর্মীরা।

রিভার ট্রাফিকের পক্ষ থেকে তৎক্ষণাৎ বিষয়টি স্থানীয় ওয়েস্ট পোর্ট থানায় জানানো হয়। খবর পেয়েই ওয়েস্ট পোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। শুক্রবার রাতের ঘটনার পর থেকেই নিখোঁজ ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিল পুলিশ। দেহ উদ্ধারের পর মৃত মহম্মদ সালামের পরিবারের সদস্যদের থানায় ডেকে পাঠানো হয়। থানায় এসে তাঁরা দেহটি শনাক্ত করেন।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পারিবারিক কোনও বিবাদ বা অশান্তির জেরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। আর সেই কারণেই শুক্রবার রাতে তিনি দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দেন।

তবে এটি শুধুই আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ওয়েস্ট পোর্ট থানার পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us