
সৌভিক সরকার ও সম্প্রীতি সিকদারের রিপোর্ট
কলকাতা: বেহালাকাণ্ডে অভিযুক্তদের এবার খালি গায়ে ঘোরাল পুলিশ। শুধু হাফপ্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে তরুণীর বাবা ও মামাকে খালি গায়ে ঘোরাল পুলিশ। গত পরশু অর্থাৎ রবিবার বেহালার সরশুনা এলাকায় যুবতীর পরিবার তাঁদের বাড়ির মেয়ের সম্পর্ককে না মানতে পেরে প্রেমিক ও তার পরিবারকে শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। সেই ঘটনায় গ্রেফতার হন যুবতীর বাবা ও মামা। এবার তাঁদেরই খালি গায়ে ঘোরাল পুলিশ।
কী ঘটেছে?
গত ২৫ অক্টোবর ওই যুবক-যুবতী একান্তে বসেছিল। সেই সময় তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন প্রেমিকার পরিবারের লোকজন। এরপরই যুবককে ও তাঁর এক বন্ধুকে ঘরের মধ্যে আটকে রেখে বেধড়ক মারধর করে যুবতীর বাবা এবং মামা বলে অভিযোগ।
এরপর ডাকা হয় যুবকের বাবাকে। খবর পেয়ে প্রেমিকের বাবা সেখানে আসেন। অভিযোগ, তারপর তিনজনকে উলঙ্গ করে এলাকায় ঘোরায়। এমনকী, বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়। বাবাকে বলা হয়, ছেলেকে গুলি করতে, নাহলে নগ্ন করে হাঁটাতে। ভরা রাস্তায় তিনজন পুরুষকে এভাবে হাঁটানো হচ্ছে দেখে স্তম্ভিত হয়ে যান এলাকার বাসিন্দারা। খানিক বাদে উত্তেজিত জনতা চড়াও হয় মেয়েটির বাড়িতে। খবর পেয়ে সরশুনা থানার পুলিশ আসে, ততক্ষণে মেয়ের বাবা ও বাড়ির অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। মেয়েটির মামাকে হাতেনাতে ধরে ফেলে ক্ষিপ্ত জনতা। তাঁকে মারধর করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। সেই ঘটনাতেই আজ পুলিশ অভিযুক্তদের হাঁটাল।