
কমলেশ চৈধুরীর ইনপুট
কলকাতা: শুক্রবার দুপুরেই নেমেছিল সন্ধ্যা। আকাশ কালো করে এল মেঘ, তারপরই ঝমঝমিয়ে বৃষ্টি। ঘণ্টাখানেকের তুমুল ঝড়-বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সবাই। বৃষ্টির হাত ধরে গরমে সাময়িক কাটছাঁট হয়েছে। কতদিন এই বৃষ্টি চলবে, তা জানিয়ে দিল আবহাওয়া অফিস।
গতকাল কলকাতাতে বৃষ্টি হয়েছে ৪০.৫ মিলিমিটার। বৃষ্টিতে তাপমাত্রার পারদ কমেছে অনেকটাই। ২৩ ডিগ্রি সেলসিয়াসে নামল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখন স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম।
আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। সোমবার থেকে তাপমাত্রা ফের বাড়বে।
আজও জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই মুহূর্তে পুরুলিয়ায় ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আজ নিচের দিকের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামিকাল থেকে ঝড়-বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও। তবে মঙ্গলবার থেকে ফের আরও এক দফায় প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে।
আগামিকাল থেকে বাড়বে তাপমাত্রা। মঙ্গলবারের পর আবার গরম বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে।
বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ওড়িশাতে। পাকিস্তান থেকে রাজস্থান, ছত্তীসগঢ়ের উপর দিয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা।
আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বিকেল বা সন্ধ্যা কিংবা রাতে ঝড়-বৃষ্টি হতে পারে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে। বুধবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা।