College Admission: উচ্চমাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা তরুণীর, পুলিশের জালে সিঁথির যুবক

College Admission in West Bengal: এদিকে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ভর্তি হতে না পারায় হতাশায় ভেঙে পড়েছেন তরুণী। একইসঙ্গে টাকা ও নথিপত্র ফেরত না পাওয়াতেও উদ্বেগে রয়েছেন। সে কারণেই শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

College Admission: উচ্চমাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা তরুণীর, পুলিশের জালে সিঁথির যুবক
প্রতীকী ছবি Image Credit source: ChatGPT

| Edited By: জয়দীপ দাস

Jul 16, 2026 | 5:27 PM

কলকাতা: কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে নগদ টাকা এবং আসল নথিপত্র হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল শ্যামপুকুর থানার পুলিশ। ধৃত যুবকের নাম গৌরব চৌবে (২৮)। তিনি সিঁথি থানার অন্তর্গত ১/১ এসডি, গোপাল চন্দ্র বোস লেনের বাসিন্দা বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগ দায়ের করেছেন ১৮ বছরের এক তরুণী। তিনি শ্যামপুকুর থানা এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগের ভিত্তিতেই ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(৪) নম্বর ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। 

অভিযোগকারী তরুণীর দাবি, গত ১৩ জুন বিকেল সাড়ে ছ’টা নাগাদ অভিযুক্ত গৌরব চৌবে তাঁকে এবং তাঁর বন্ধুদের মহারাজা শ্রীশচন্দ্র কলেজে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই প্রলোভন দেখিয়ে তিনি তাঁদের কাছ থেকে নগদ ১৭,০০০ টাকা হাতিয়ে নেন। শুধু তাই নয়, বিশ্বাসের সুযোগ নিয়ে শ্রাবণীর বেশ কিছু আসল নথিপত্রও নিজের কাছে রেখে দেন গৌরব। 

এদিকে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ভর্তি হতে না পারায় হতাশায় ভেঙে পড়েছেন তরুণী। একইসঙ্গে টাকা ও নথিপত্র ফেরত না পাওয়াতেও উদ্বেগে রয়েছেন। সে কারণেই শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। S.I. শিব কৃষ্ণ মিশ্রের নেতৃত্বে শ্যামপুকুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। গৌরব ছাড়াও এই কেসে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, আর কোনও চক্র নেপথ্যে কাজ করছে কিনা সবটাই খতিয়ে দেখছে পুলিশ। চলছে জেরা। এদিন শিয়ালদহ আদালতে পেশ করা হলে ধৃত গৌরব চৌবেকে ২২ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Follow Us