Gangpur Blast: বিস্ফোরক মজুত করেছিলেন বাড়িতে, গাংপুর বিস্ফোরণ কাণ্ডে ১০ বছরের কারাদণ্ড তৃণমূল কর্মীর

Gangpur Blast: ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর বীরভূমের লোকপুর থানার গাংপুর গ্রামের বাসিন্দা বাবলু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল। টিনের বাক্সের মধ্যে রাখা বিস্ফোরক থেকে বিস্ফোরণ হয়। বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র।

Gangpur Blast: বিস্ফোরক মজুত করেছিলেন বাড়িতে, গাংপুর বিস্ফোরণ কাণ্ডে ১০ বছরের কারাদণ্ড তৃণমূল কর্মীর
ফাইল ফোটো

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 15, 2025 | 8:10 PM

কলকাতা: সাড়ে ৫ বছর আগের বিস্ফোরণ মামলা। বীরভূমের গাংপুরে সেই বিস্ফোরণ মামলায় তৃণমূল কর্মী বাবলু মণ্ডলকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করেছিল বিশেষ এনআইএ আদালত। শনিবার সাজা ঘোষণা করল। বাবলু মণ্ডলকে ১০ বছরের কারাদণ্ড দিল বিশেষ এনআইএ আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হল দোষী সাব্যস্ত তৃণমূল কর্মীর।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর বীরভূমের লোকপুর থানার গাংপুর গ্রামের বাসিন্দা বাবলু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল। টিনের বাক্সের মধ্যে রাখা বিস্ফোরক থেকে বিস্ফোরণ হয়। তবে সেইসময় সেখানে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এরপর ওই বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র। ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। গ্রেফতার করা হয় তৃণমূল কর্মী বাবলু মণ্ডল ও তাঁর দুই পুত্র মৃত্যুঞ্জয় মণ্ডল ও নিরঞ্জন মণ্ডলকে। পরে জামিনে ছাড়া পান তাঁরা।

এরপর কলকাতা হাইকোর্টে মামলা হলে ঘটনার তদন্তভার পায় এনআইএ। তদন্তে উঠে আসে, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় থেকে ওই বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। বিস্ফোরণের পর তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্রও পায় পুলিশ। এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে গত বৃহস্পতিবার বাবলু মণ্ডলকে দোষী সাব্যস্ত করে বিশেষ এনআইএ আদালত। আর এদিন সাজা ঘোষণা করল। বাবলু মণ্ডলের দুই পুত্র এখনও পলাতক।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us