Suvendu on Ananta Maharaj: নেতাজিকে অপমান করার অভিযোগ, অনন্ত মহারাজের বিরুদ্ধেও কি এবার ব্যবস্থা?

Ananta Maharaj: স্বাধীনতা সংগ্রামে নেতাজির কোনও ভূমিকা ছিল না, এমন মন্তব্য করেন অনন্ত মহারাজ। শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। বিভিন্ন মহল থেকে নিন্দা প্রকাশ করা হয়। এবার কি তবে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা?

Suvendu on Ananta Maharaj: নেতাজিকে অপমান করার অভিযোগ, অনন্ত মহারাজের বিরুদ্ধেও কি এবার ব্যবস্থা?
Image Credit source: TV9 Bangla

Aug 12, 2026 | 8:21 PM

কলকাতা: বুধবার সকালেই বিধায়কদের নিজ নিজ এলাকায় নেতাজির নামে সেবাকেন্দ্র তৈরির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এদিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন, যাঁরা নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কে কটূক্তি করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে গ্রেফতারও করা হবে। এই নির্দেশের পরই প্রশ্ন উঠেছে, বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের ক্ষেত্রেও কি একইভাবে ব্যবস্থা নেওয়া হবে?

নির্দিষ্ট আইনের ধারা অনুসারে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে পাশে বসিয়ে এই নির্দেশ দিয়েছেন শুভেন্দু। উল্লেখ্য, সম্প্রতি বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ নেতাজি সম্পর্কে বলেন, তাঁর স্বাধীনতা সংগ্রামে কোনও ভূমিকা ছিল না। এমনকী নেতাজি আজাদ হিন্দ ফৌজের অপব্যবহার করেছিলেন বলেও মন্তব্য করেন। এরপর তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের হয়।

এদিন অনন্ত মহারাজ সম্পর্কে প্রশ্ন করা হলে, শুভেন্দু অধিকারী বলেন, “কারও নাম করব না, তবে আইন সবার জন্য সমানভাবে কার্যকর হবে।”

শুভেন্দু অধিকারী এদিন বলেন, “নেতাজি সুভাষ বসু সম্পর্কিত অপমানজনক মন্তব্য করার দুঃসাহস দেখিয়েছেন বেশ কয়েকজন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উত্তরবঙ্গের বিধায়ক ও মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন।” তাঁর নির্দেশ, আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন। নিজেদের পোস্ট ডিলিট করুন। নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us