
কলকাতা: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্যারেড করানো যাবে না কোনও স্কুল পড়ুয়াদের। কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvednu Adhikari)। তবে, স্কুল পড়ুয়ারা প্যারেড না করলেও অংশ নিতে পারবেন কলেজ পড়ুয়ারা। তাঁদের দিয়েই আগামী ১৫ অগস্টের প্যারেড করানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার নবান্নে বৈঠক হয়েছিল। তথ্য সংস্কৃতি দফতরকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, স্কুল পড়ুয়ারা অনুষ্ঠান দেখতে আসতে পারে। কিন্তু অংশগ্রহণ করানোর প্রয়োজন নেই। অনুষ্ঠানও এক ঘণ্টার বেশি করতে হবে না। তাঁর বক্তব্য, বৃষ্টির দিনে ভিজে ভিজে অনুষ্ঠান করলে শিশুরা অসুস্থ হয়ে পড়বে। এটা একেবারেই কাম্য নয়।
প্রসঙ্গত, গত বছর রেড-রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বৃষ্টিতে ভিজে গিয়ে অনেক ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল। তার আগে প্র্যাকটিসের সময় গরমের অনেকে অসুস্থ হয়ে পড়ে। তাই এবার এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।
অপরদিকে, ১৬ অগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়ুষ্মান ভারত দিবস পালিত হবে। ওইদিন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার ও আনুষ্ঠানিক সূচনা হবে। মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। যাঁরা আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমার আওতায় আসবেন না, তাঁদের ওই দিন ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’ কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও রাজ্য সরকারের সব পরিষেবা যাতে সাধারণ মানুষ সুষ্ঠ ভাবে পেতে পারেন সব দফতরকে তা নিশ্চিত করার নিদের্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।