Sabyasachi Dutta Wife Assets: বান্ধবী কেজিতে, বউ গ্রামে, সব্যসাচীর সোনা নিয়ে জোর বিতর্ক

Indrani Dutta Gold and Asset Declaration: স্ত্রী ইন্দ্রাণীর গত পাঁচ অর্থবর্ষের আয় জানিয়েছেন সব্যসাচী। হলফনামা অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে ইন্দ্রাণীর আয় ছিল ৪৭ লক্ষ ২৬ হাজার ৭২০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে আয় ছিল ৪৪ লক্ষ ১১ হাজার ৭৫০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে ইন্দ্রাণীর আয় ছিল ৬৩ লক্ষ ৭৭ হাজার ৪২০ টাকা। আর ২০২৩-২৪ অর্থবর্ষে আয় ছিল ৩৪ লক্ষ ৬৯০ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৩৮ লক্ষ ৭২ হাজার ১৯০ টাকা।

Sabyasachi Dutta Wife Assets: বান্ধবী কেজিতে, বউ গ্রামে, সব্যসাচীর সোনা নিয়ে জোর বিতর্ক
ইন্দ্রাণী দত্ত (বাঁদিকে), সব্যসাচী দত্ত (মাঝে), টিনা ভৌমিক সাহা (ডানদিকে)Image Credit source: Social Media

Jun 23, 2026 | 7:58 PM

কলকাতা: তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ কেজি সোনা কেনার নথি পেয়েছে পুলিশ। এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৩ কেজি সোনা। আর সব্যসাচীর বান্ধবীর বাড়ি থেকে কেজি কেজি সোনা উদ্ধারের পরই বিভিন্ন মহলে ফিসফাস শুরু হয়েছে। প্রাক্তন এই তৃণমূল বিধায়কের স্ত্রী ইন্দ্রাণী দত্তর কত সোনা রয়েছে, তা নিয়ে জল্পনা বাড়ে। এই আবহে জেনে নেওয়া যাক, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নিজের নির্বাচনী হলফনামায় স্ত্রীর সম্পত্তি নিয়ে কী জানিয়েছিলেন সব্যসাচী। কত সোনার গয়না রয়েছে সব্যসাচীর স্ত্রী ইন্দ্রাণী দত্তর।

সব্যসাচীর বান্ধবীর বাড়িতে উদ্ধার সোনা-

এদিন সব্যসাচীকে নিয়ে পুলিশ পৌঁছে গিয়েছিল নদিয়ার করিমপুরে। সেখানকার তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। নদিয়া জেলা পরিষদের সদস্য টিনার ছাপোষা বাড়ি থেকে উদ্ধার হয় ৩ কেজি সোনার গয়না। এই টিনাই সব্যসাচীর বান্ধবী বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সব্যসাচীর সঙ্গে টিনার একাধিক ছবি সামনে এসেছে। জানা গিয়েছে, সেইসব ছবি দেখেই টিনার সম্পর্কে সব্যসাচীর কাছে জানতে চেয়েছিলেন তদন্তকারীরা। আর প্রাক্তন তৃণমূল বিধায়কের বয়ান অনুযায়ীই তাঁকে নিয়ে নদিয়ায় টিনার বাপের বাড়ি ও শ্বশুরবাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

সব্যসাচীর স্ত্রীর সম্পত্তি-

টিনার বাড়ি থেকে ৩ কেজি সোনা উদ্ধার নিয়ে যখন আলোচনা চলছে, তখন দেখে নেওয়া যাক সব্যসাচীর স্ত্রীর সম্পত্তি কত? ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বারাসত থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সব্যসাচী। নির্বাচনী হলফনামায় নিজের ও স্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব দিয়েছিলেন।

স্ত্রী ইন্দ্রাণীর গত পাঁচ অর্থবর্ষের আয় জানিয়েছেন সব্যসাচী। হলফনামা অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে ইন্দ্রাণীর আয় ছিল ৪৭ লক্ষ ২৬ হাজার ৭২০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে আয় ছিল ৪৪ লক্ষ ১১ হাজার ৭৫০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে ইন্দ্রাণীর আয় ছিল ৬৩ লক্ষ ৭৭ হাজার ৪২০ টাকা। আর ২০২৩-২৪ অর্থবর্ষে আয় ছিল ৩৪ লক্ষ ৬৯০ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৩৮ লক্ষ ৭২ হাজার ১৯০ টাকা।

ইন্দ্রাণীর অস্থাবর সম্পত্তির হিসেব দিয়ে সব্যসাচী জানান, তাঁর স্ত্রীর নামে কোনও গাড়ি নেই। তারপরই স্ত্রীর কাছে থাকা গয়নার হিসেব দেন। সেখানে সব্যসাচী জানান, তাঁর স্ত্রীর কাছে সবমিলিয়ে ৬৫ লক্ষ ১ হাজার ৬০৮ টাকার গয়না রয়েছে। ওজনে ০.৭১২৯৭৪ কেজি। অর্থাৎ ১ কেজিও নয়। সবমিলিয়ে ইন্দ্রাণীর অস্থাবর সম্পত্তি রয়েছে ৩ কোটি ৯০ লক্ষ ৯৭ হাজার ৮৭২ টাকার।

হলফনামায় সব্যসাচী জানিয়েছেন, তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তি রয়েছে ৯০ লক্ষ ৬০ হাজার টাকার। ইন্দ্রাণী পেশায় ব্যবসায়ী বলে হলফনামায় জানিয়েছেন সব্যসাচী।

সোনা উদ্ধার নিয়ে কী বলছেন তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহা?

৩ কেজি সোনা উদ্ধার নিয়ে তৃণমূল নেত্রী টিনার দাবি, রাজনৈতিক কারণে এই ষড়যন্ত্র করা হয়েছে। রাজনৈতিক সম্পর্ক ছাড়া সব্যসাচী দত্তর সঙ্গে তাঁদের আর কোনও সম্পর্ক নেই। ২০২৫ সালে পরিচয় বলে জানান টিনা। বার চারেক বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন সব্যসাচী। টিনার অভিযোগ, তাঁর মা, ভাইয়ের স্ত্রী সহ পরিবারের সাত মহিলার সব গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি আইনি পথে হাঁটবেন।

অন্যদিকে, সব্যসাচী দত্ত গ্রেফতার হওয়ার পর থেকে ইন্দ্রাণী দত্তর কোনও খোঁজ পায়নি পুলিশ। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় হানা দিয়েছে তারা। তবে তাঁর হদিস পাওয়া যায়নি।

Follow Us