Abhishek Banerjee: ‘বিজেপিকে বলব অত্যাচার ততটাই করুন, যতটা সহ্য করার ক্ষমতা রয়েছে’, বিল বোর্ড বিতর্কে অভিষেক

Abhishek Banerjee On BJP: বৃহস্পতিবার বিকালে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের বিল বোর্ড খোলা নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। বিকালে KMC-র কর্মীরা পুলিশ নিয়ে অভিষেকের অফিসের বিল বোর্ড খুলতে গিয়েছিলেন। অভিযোগ, ওই বিল বোর্ড বেআইনি। আর এই ঘটনা নিয়েই রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় ক্যামাক স্ট্রিটের অফিস।

Abhishek Banerjee: বিজেপিকে বলব অত্যাচার ততটাই করুন, যতটা সহ্য করার ক্ষমতা রয়েছে, বিল বোর্ড বিতর্কে অভিষেক
ক্যামাক স্ট্রিটের অফিস প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 28, 2026 | 3:33 PM

কলকাতা: TMCP-র প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ক্যামাক স্ট্রিটের অফিসের বিল বোর্ড খোলা প্রসঙ্গ উত্থাপন করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বার্তা দিলেন, “বিজেপিকে বলব অত্যাচার ততটাই করুন, যতটা সহ্য করার ক্ষমতা রয়েছে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকালে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের বিল বোর্ড খোলা নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। বিকালে KMC-র কর্মীরা পুলিশ নিয়ে অভিষেকের অফিসের বিল বোর্ড খুলতে গিয়েছিলেন। অভিযোগ, ওই বিল বোর্ড বেআইনি। আর এই ঘটনা নিয়েই রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় ক্যামাক স্ট্রিটের অফিস। অভিষেকের অফিসের কর্মীদের সঙ্গে পুলিশ ও পুরসভার কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। অভিষেকের অভিযোগ ছিল, ওই নোটিসের কোনও বৈধতাই নেই। কারণ তাতে কোনও স্ট্যাম্পই ছিল না। যদিও শেষ পর্যন্ত সন্ধ্যা ৫.৪৫ মিনিটে বোর্ড খোলা হয়। জল গড়ায় আদালতে।

এই ঘটনায় অভিষেক এদিনের মঞ্চ থেকে বলেন, “গতকাল অবৈধভাবে আমাদের পার্টি অফিসের বিল বোর্ড, সাইনবোর্ড খুলতে এসেছিল, গোটা কলকাতা পুলিশ লাগিয়ে দিয়েছে, একটা সাইন বোর্ড খুলবে বলে! বিজেপিকে বলব অত্যাচার ততটাই করুন, যতটা সহ্য করার ক্ষমতা রয়েছে।”

যদিও এই ঘটনা এখন আদালতে বিচারাধীন। অভিষেকের বিল বোর্ড খোলার মামলায় বিচারপতি রাজা বসু চৌধুরীর পর্যবেক্ষণ, নতুন করে অন্তর্বর্তী কোনওরকম রক্ষাকবচ দেওয়ার সুযোগ নেই। বিল বোর্ড প্রসঙ্গে পুরসভাকে জানাতে হবে মালিকের বৈধতা।

অভিষেকের এই মন্তব্যের প্রেক্ষিতে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “দেশে গণতান্ত্রিক অধিকার রয়েছে মামলা করার। এর আগেও বহুবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে গিয়েছেন ও থাপ্পড় খেয়েছেন। কোনও কারণ ছাড়াই তো বিল বোর্ড খোলা হচ্ছে, তেমনটা নয়।”

ইতিমধ্যেই এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মোট তিনটি মামলা রুজু করা হয়েছে। একাধিক জামিন অযোগ্য ধারাও দেওয়া হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us