
কলকাতা: হেস্টিংসে মর্মান্তিক ঘটনা (Kolkata Accident)। বাতিস্তম্ভের লাইট ভেঙে পড়ে মৃত্যু হল ৬ বছরের শিশুর (Kolkata Child Death)। মৃতের নাম গুড়িয়া খাতুন। জানা গিয়েছে, সকালে খেলার সময় ওই শিশুর উপর লাইট ভেঙে পড়ে। তার জেরে গুরুতর আহত হয় সে। সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ তুলছেন পরিবার থেকে স্থানীয়রা।
তখন সকাল ৭টা। ঘুম থেকে উঠেই খেলায় মগ্ন ছিল বছর ছয়েকের গুড়িয়া। প্রতিদিনের মতো ওই বাতিস্তম্ভের নীচেই খেলছিল সে। ঠিক সেই সময় একটা লাইট খুলে ওই শিশু কন্যার মাথার উপর পড়ে। ঘটনায় গুরুতর আহত হয় সে। লুটিয়ে পড়ে মাটিতে। রক্তে ভেসে যায় রাস্তা। পরিবারের দাবি, সেইসময়ই মৃত্যু হয়েছিল গুড়িয়ার। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরাও গুড়িয়াকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের দাবি, প্রতিদিনের মতোই খেলা করছিল গুড়িয়া। একা একাই খেলত সে। কিন্তু মুহূর্তের মধ্যে কোথা থেকে যে কী হয়ে গেল বুঝতে পারছেন না। গোটা ঘটনায় রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ তুলেছেন। পরিবারের দাবি, রাস্তায় যে লাইট খুলে পড়েছে, তাতে দেখা যাচ্ছে একেকটা লাইটে তিনটে করে ফুটো আছে। আর তাতে মাত্র একটা নাট লাগানো আছে। বাকি দু’টো নাট কোথায়? লাইট পড়ার পর একটা নাটই পড়ে থাকতে দেখা গিয়েছে রাস্তায়। এতদিন বাতিস্তম্ভের আদৌ রক্ষণাবেক্ষণ হত কি না, প্রশ্ন তুলেছেন স্থানীয়রাও।
ঘটনায় পৌঁছেছে স্থানীয় থানার পুলিশ। ঘটনাস্থল গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।