
কলকাতা: অবশেষে বাংলার উপর থেকে কেটে যাচ্ছে নিম্নচাপ। ফলে বৃষ্টির দাপট কিছুটা কমছে ঠিকই, তবে এখনও সতর্কতা কাটছে না। জারি থাকছে কমলা ও হলুদ সতর্কতা। গত কয়েকদিন ধরে সন্ধ্যা নামলেই বৃষ্টির দাপট শুরু হয়ে যাচ্ছিল। বেশ কয়েক জায়গায় একদিনে ১০০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। শুক্রবারও রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে ঝাড়গ্রামে। উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনও চার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শুক্রবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকছে। সতর্কতা থাকছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায়। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ৫০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইতে পারে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। ৪০ কিমি বেগে ঝড়ো বাতাস বইতে পারে।
রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে রবিবার এবং সোমবার।
নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এই সিস্টেমের অভিমুখ। এখনও গভীর নিম্নচাপ রূপেই মেদিনীপুর পুরুলিয়া ও ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা পাঞ্জাবের অমৃতসর থেকে বালিয়া হয়ে পশ্চিমবঙ্গের নিম্নচাপ ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত।
১৫ অগস্ট শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ৫৫ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। এই কারণে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ২.২ মিলিমিটার।