
কলকাতা: বৃহস্পতিবার দিনভর প্রবল বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। দুপুর ১২ টা থেকে একনাগাড়ে প্রায় রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে, সঙ্গে বজ্রপাত। জায়গায় জায়গায় জল জমে বাড়ে বিপত্তি। সেই বৃষ্টি থেকে আপাতত রেহাই নেই। তবে উত্তরবঙ্গে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। জারি হল সতর্কবার্তা।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ। শুক্রবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে। বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেখানে বৃষ্টি হবে না, সেখানে বাড়বে ভ্যাপসা গরম।
আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি হবে। সোমবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।
উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার থেকে অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পার্বত্য এলাকায় ধস নামতে পারে, বাড়বে নদীর জল স্তর। নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে।
দার্জিলিং থেকে কোচবিহার, উপরের দিকের পাঁচ জেলায় রেড অ্যালার্ট জারি রয়েছে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটারের বেশি। উইকেন্ডে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তিনদিন লাল সতর্কতা জারি হতে পারে উত্তরবঙ্গে। এছাড়া, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা থাকছে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। ভারী বৃষ্টির কমলা সতর্কতা উত্তর দিনাজপুর জেলায়ও।