Kolkata & West Bengal Weather Update: বসন্তকাল এল না, সোজা গরমের এন্ট্রি! এখনই ৩৩ ডিগ্রি, দু’দিন পর আবার বৃষ্টি! জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

Latest Weather Update:  আলিপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ৭৯ দিন পর ১৯ ডিগ্রির ঘরে নেমেছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। ভোরবেলা এবং রাতের দিকে হালকা ঠান্ডা অনুভব হলেও, বেলা বাড়তেই সেই তাপমাত্রা বাড়তে থাকবে। 

Kolkata & West Bengal Weather Update: বসন্তকাল এল না, সোজা গরমের এন্ট্রি! এখনই ৩৩ ডিগ্রি, দুদিন পর আবার বৃষ্টি! জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট
গরমে হাসফাঁস করবেন আর কদিন পর থেকেই।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 20, 2026 | 9:38 AM

সৌভ্ক সরকারের ইনপুট

কলকাতা: শীত থেকে সোজা গরম। মাঝে উধাও একটা ঋতু। বসন্তকালের আর দেখা নেই। সোজা গ্রীষ্মের পথে হাঁটা শুরু করল বাংলা। দিনে-রাতে লাগাতার উত্থান পারদের। বাংলা জুড়ে চড়া রোদের তেজ। দিনের বেলায় তাপমাত্রা ক্রমাগত বেড়ে যাচ্ছে। এবং দিনের গরমে দক্ষিণবঙ্গকে পিছনে ফেলে দিচ্ছে উত্তরবঙ্গ।

আলিপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ৭৯ দিন পর ১৯ ডিগ্রির ঘরে নেমেছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। ভোরবেলা এবং রাতের দিকে হালকা ঠান্ডা অনুভব হলেও, বেলা বাড়তেই সেই তাপমাত্রা বাড়তে থাকবে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিনদিনে একধাক্কায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা- উভয়ই বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। সকালে ও রাতে শীতের আমেজ ক্রমশ উধাও হয়ে যাবে। ইতিমধ্যেই দিনের বেলায় শীতের অনুভূতি কমে গিয়েছে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। উইকেন্ডে ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পেরোবে।

সিস্টেম-

বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম রাজস্থান এবং পঞ্জাব ও হরিয়ানা সংলগ্ন এলাকায় অবস্থান করছে। রবিবার, ২২ ফেব্রুয়ারি নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি নিম্নচাপটি ক্রমে শক্তি হারাচ্ছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার নিম্নচাপ নতুন করে তৈরি হবে। এটির অভিমুখ হবে উত্তর ও উত্তর পশ্চিম দিকে। আগামী ২৪ ঘন্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে এই নিম্নচাপ, আরও শক্তিশালী রূপে।

দুই বঙ্গের তাপমাত্রার বিচার করলে দেখা যাচ্ছে, দিনের গরমে দক্ষিণবঙ্গকে পিছনে ফেলছে উত্তরবঙ্গ। ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াসে উঠল বাগডোগড়ার পারদ।  জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি। ৩২.৩ ডিগ্রি সেলসিয়াসে পুরুলিয়ার পারদ। সেখানেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে রয়েছে।

পর পর দুই দিন ৩০ ডিগ্রির ঘরে রয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আরও চড়বে পারদ। রাতের তাপমাত্রাও ২-৩ ডিগ্রি বাড়ার পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-

দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সোম ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে। ওড়িশা ও সংলগ্ন উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে, তার পরোক্ষ প্রভাবেই জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে।

আজ,শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে। পৌঁছতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলা যেমন-বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রামে তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া-

অন্যদিকে, উত্তরবঙ্গেও ক্রমাগত বাড়ছে তাপমাত্রা। পাহাড়ে হালকা কুয়াশা থাকলেও, মূলত দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি বাড়তে পারে। উইকেন্ডে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা-দুটোই বাড়তে পারে। আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদা ও সংলগ্ন জেলাতে ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।