West Bengal Weather Update: আজই ঢুকছে বর্ষা, প্যাচপ্যাচে গরম থেকে কবে মুক্তি মিলবে? জানিয়ে দিল মৌসম ভবন

IMD weather forecast: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে পশ্চিমের কিছু জেলায়। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ এবং আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

West Bengal Weather Update: আজই ঢুকছে বর্ষা, প্যাচপ্যাচে গরম থেকে কবে মুক্তি মিলবে? জানিয়ে দিল মৌসম ভবন
আগেভাগেই চলে আসছে বর্ষা।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 16, 2026 | 12:31 PM

কলকাতা: সুখবর। প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি মিলবে শীঘ্রই। আগেভাগেই চলে আসছে বর্ষা (Monsoon)। ভারতে আগাম বর্ষা প্রবেশের ঘোষণা করল মৌসম ভবন (IMD)। ২৬ মে বর্ষা ঢুকতে পারে দেশের মূল ভূখণ্ডে। সাধারণত ১ জুন মৌসুমি বায়ু আসে কেরলমে (Keralam)। গত বছর কেরলমে বর্ষার বৃষ্টি শুরু হয়েছিল ২৪ মে। এবার সময়ের আগে, আজই বর্ষা আসছে আন্দামান-নিকোবরে। তবে বাংলায় কবে বর্ষা শুরু, তা এখনও স্পষ্ট নয়।

মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে। এর প্রভাবেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়। তার ফলে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে, পূর্ব মধ্য প্রদেশ এবং তামিলনাড়ু উপকূলে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিম মধ্য প্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখাটি পূর্ব মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ,  বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে।

আজ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতেই।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে পশ্চিমের কিছু জেলায়। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ এবং আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া-

আজ, শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-এই তিন জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা উত্তরবঙ্গের আট জেলাতেই।

আগামীকাল, রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে। সোমবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আট জেলাতেই। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে।মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে। বুধবার থেকে ঝড় বৃষ্টি আরও কমবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-

আজ শনিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের কিছু জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান,  ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। তবে বর্জ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে।

রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

কলকাতার আবহাওয়া-

কলকাতায় আজ কখনও পরিষ্কার আকাশ; কখনও আংশিক মেঘলা থাকবে। রোদের তেজ বাড়বে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া ক্রমশ বাড়বে। বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য।

আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১৬.৪ মিলিমিটার।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মহারাষ্ট্রের আম রাউটিতে, ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল তাপমাত্রা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আসামের হাফলং-এ, ১৭.০ ডিগ্রি সেলসিয়াস। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উত্তরবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

Follow Us