
কলকাতা: পিছু ছাড়ছে না বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। বজবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলে, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে রাজ্য জুড়ে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামিকাল অর্থাৎ শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে।
জানা গিয়েছে, আবারও একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে আগামিকাল তৈরি হবে নতুন নিম্নচাপ। আপাতত একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে বাংলায়। দিঘার উপর দিয়ে বিস্তৃত হয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত।
বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে। তাই মৎস্যজীবীদের রবিবার এবং সোমবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে ওই তিন দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ মেঘলা আকাশ থাকবে। কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে এবং সংলগ্ন জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।
আজ ও আগামিকাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দু-এক জায়গায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রবিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে সোমবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতা শহরেও।