
কলকাতা: নিস্তার নেই রাতেও। রাতভর গুমোট গরমে কাহিল দক্ষিণবঙ্গের একের পর এক জেলা। ২৯.৯ ডিগ্রি সেলসিয়াসে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। তবে এই মাসের শেষে স্বস্তির আশা দক্ষিণবঙ্গে। তেমনটাই বলছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে বলে মনে করছে হাওয়া অফিস। বৃহস্পতি-শুক্র দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্কতা জারি। মঙ্গলবারের পর ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। আপাতত বৃষ্টি হলেও তা হবে বিক্ষিপ্তভাবেই।
বিগত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির ছবি দেখা গিয়েছে। এদিনও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। ফলে লাফিয়ে লাফিয়ে তাপমাত্রার গ্রাফ অতটা বাড়ার সুযোগ পাবে না।
অন্যদিকে দক্ষিণবঙ্গে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। মঙ্গলবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সঙ্গে সঙ্গে বিকেল বা রাতে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বেশি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বৃহস্পতিবার থেকে শনিবার কালবৈশাখির সম্ভাবনা বজ্রপাতের সম্ভাবনা কলকাতা-সহ সব জেলাতেই। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে।
বৃষ্টির জেরে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা না বাড়লেও ফিল লাইক টেম্পারেচার অনেকটা বেশি থাকবে। সঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে গরম এবং অস্বস্তি চরমে থাকবে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকছে।