
চায়ে আদা না থাকলে যেন ঠিক জমে না, স্বাদটাই অধরা থেকে যায়। কিন্তু গরমের দিনে আদা চা খাওয়ার ক্ষেত্রে কিছুটা রাশ টানার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ আদার প্রকৃতি গরম । তীব্র গরমে আদা চা খেলে অনেকেরই পেট ভারী লাগা, গ্যাস বা ব্লটিংয়ের মতো সমস্যা দেখা দেয়। এমনকি শরীরের ভেতরের অস্বস্তি ও গরম ভাবও বাড়িয়ে দিতে পারে আদা। কিন্তু আপনি কি জানেন, আদা ছাড়াই চায়ে সেই চেনা ঝাঁঝালো আর দারুণ স্বাদ ফিরিয়ে আনা সম্ভব? এর জন্য আপনাকে শুধু আদার বদলে ব্যবহার করতে হবে এক টুকরো ‘শুকনো আদা’! রান্নাঘরে অনেকেই এটিকে গোটা মশলা হিসেবে ব্যবহার করে থাকেন।
এটা আদারই শুকনো রূপ হলেও, শুকিয়ে যাওয়ার পর এর গুণাগুণ এবং শরীরের ওপর এর প্রভাবে বেশ কিছু বড়সড় বদল আসে। ফলে গ্রীষ্মকালে চায়ে এটি মিশিয়ে খেলে স্বাদের পাশাপাশি স্বাস্থ্যেরও একাধিক উপকার হয়। চলুন দেখে নেওয়া যাক চায়ে কীভাবে শুকনো আদা ব্যবহার করবেন এবং এর কী কী গুণ রয়েছে।
শুকনো আদা কেবল চায়ের স্বাদই বাড়ায় না, এটি পুষ্টিগুণেও ভরপুর। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন এবং সামান্য পরিমাণে ভালো ফ্যাট, যা শরীরে তৎক্ষণাৎ শক্তি জোগাতে সাহায্য করে। এর পাশাপাশি এটি আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ফসফরাসের মতো প্রয়োজনীয় খনিজেরও একটি চমৎকার উৎস। এই উপাদানগুলো আমাদের হাড় ও পেশি মজবুত রাখতে এবং রক্তসঞ্চালন স্বাভাবিক রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।
আয়ুর্বেদ শাস্ত্রে হজমের সমস্যা দূর করতে শুকনো আদাকে মহৌষধ বলে মনে করা হয়। গরমের দিনে অনেকেই গ্যাস, অম্বল, বদহজম এবং পেট ভারী হয়ে থাকার সমস্যায় ভোগেন। এই সময়ে শুকনো দেওয়া চা খেলে তা পেটকে আরাম দেয় এবং শরীরের মেটাবলিজম বা বিপাক হার উন্নত করতে সাহায্য করে। শুধু তাই নয়, শুকনো আদার ভেষজ গুণ শরীরের ক্লান্তি দূর করে সারাদিন চনমনে ও সতেজ রাখতে সাহায্য করে। সবচেয়ে বড় সুবিধা হল, আদার মতো এই শুকনো আদা চা খেলে শরীরের ভেতরের তাপমাত্রা বা ওজন বাড়ে না। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, শুকনো আদা আমাদের পাচক অগ্নিকে (ডাইজেস্টিভ ফায়ার) সচল রাখতে বিশেষভাবে সাহায্য করে।
চায়ে শুকনো আদা ব্যবহার করা অত্যন্ত সহজ। চা তৈরির জন্য জল গরম বসিয়েই তার মধ্যে এক টুকরো শুকনো হালকা তোঁতো করে দিয়ে দিন। জল ফুটে উঠলে পরিমাণমতো চিনি, চা পাতা এবং দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিন। আপনার কাছে গোটা শুকনো আদা না থাকলে শুকনো আদার গুঁড়ো বা ‘ড্রাই জিঞ্জার পাউডার’ও ব্যবহার করতে পারেন। দুটোর ক্ষেত্রেই উপকারিতা এবং পুষ্টিগুণ সমান মিলবে। সুতরাং, এই গরমে সাধের চায়ে আদার বদলে শুকনো আদার ছোঁয়া দিয়ে নিশ্চিন্তে উপভোগ করুন আপনার সকাল-সন্ধ্যার চায়ের আড্ডা।