
আপেল, কলা, নাশপাতি কিংবা অ্যাভোকাডো—দৈনন্দিন ডায়েটে ফল থাকা অত্যন্ত জরুরি। কিন্তু অনেকেই এক সাধারণ সমস্যার মুখোমুখি হন। ফল কাটার কয়েক মিনিটের মধ্যেই সেগুলোর রঙ বদলে বাদামি বা কালচে হয়ে যায়। বিশেষ করে কিছুক্ষণ খোলামেলা রেখে দিলে বা টিফিনে দিলে দেখতে আর মোটেও লোভনীয় লাগে না। ফলে অনেকেই ধরে নেন ফলটি নষ্ট হয়ে গিয়েছে এবং তা ফেলে দেন।
তবে চিকিৎসাবিজ্ঞান ও খাদ্য বিশেষজ্ঞদের মতে, রং পরিবর্তন মানেই কিন্তু ফল নষ্ট হয়ে যাওয়া নয়। ফল কাটার পর বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এলে এতে উপস্থিত এনজাইমের রাসায়নিক বিক্রিয়ার (Oxidation) ফলে রঙ পরিবর্তন হতে শুরু করে। এর সঙ্গে গরম আবহাওয়া ও ভুল উপায়ে তুলে রাখা সমস্যা আরও বাড়িয়ে দেয়। একটু সতর্ক হলেই এবং সহজ কিছু কৌশল মানলেই কাটা ফলকে দীর্ঘক্ষণ সতেজ রাখা সম্ভব।
১. লেবুর রসের জাদু:
কাটা আপেল, কলা বা নাশপাতির টুকরোর ওপর সামান্য লেবুর রস ছড়িয়ে দিন। লেবুতে থাকা ভিটামিন সি বা অ্যাসকরবিক অ্যাসিড ফলের এনজাইমকে বাতাসের সংস্পর্শে এসে রঙ পরিবর্তন করতে বাধা দেয়। তবে খেয়াল রাখবেন, লেবুর রস যেন খুব বেশি না হয়, যাতে ফলের আসল স্বাদ নষ্ট না হয়।
২. এয়ারটাইট পাত্রের ব্যবহার:
কাটা ফল কখনওই পাত্রে খোলা রাখবেন না। কাটার পরপরই এয়ারটাইট (হাওয়া ঢোকে না এমন) কৌটোয় ভরে ফেলুন। বাতাসের সংস্পর্শ যত কম হবে, ফল তত কম কালো হবে।
৩. শীতল তাপমাত্রায় সংরক্ষণ:
ফল কাটার পর তা বেশিক্ষণ ঘরের সাধারণ তাপমাত্রায় ফেলে রাখা একদমই উচিত নয়। সঙ্গে সঙ্গে না খেলে এয়ারটাইট পাত্রে ভরে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা তাপমাত্রা এনজাইমের প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং ফলের সতেজতা ধরে রাখতে সাহায্য করে।
৪. প্রয়োজন অনুযায়ী ফল কাটুন:
অনেক আগে থেকে ফল কেটে রাখা এড়িয়ে চলুন। যখন যতটুকু খাওয়ার প্রয়োজন, ঠিক ততটুকুই কাটুন। এতে ফলের পুষ্টিগুণ, স্বাদ এবং স্বাভাবিক রঙ—সবই বজায় থাকে।
ফল কাটার জন্য সবসময় পরিষ্কার-শুকনো পাত্র, ধারালো ছুরি এবং পরিষ্কার কাটিং বোর্ড ব্যবহার করুন। খুব বেশি দিন ধরে ফ্রিজে জমিয়ে রাখবেন না।