
গরমে একেবারে নাজেহাল অবস্থা। শুধু ঠান্ডা জলে যেন আর মন ভরছে না। মন চায় আরও নতুন কিছু। হ্যাঁ, আপনার এই সাধের স্বাদ পূরণ করতে পারে একমাত্র কুলফিই। খুব সহজেই বাড়িতে তৈরি করে নিন। লাগবে শুধু লিচু।
যা যা লাগবে–
দুধ ৩ কাপ, কনডেন্সড্ মিল্ক ১ টিন, ভালো অ্যারারুট ২ টেবিল চামচ, মিক্সারে টাটকা লিচুর টুকরো থেকে বার করে নেওয়া রস ১ কাপ, ২টি মারি বা থিন অ্যারারুট বিস্কুটের গুঁড়ো, খোয়াক্ষীর ১০০ গ্রাম।
এভাবে তৈরি করুন–
দুধ ও কনডেন্সড্ মিল্ক একসঙ্গে মিশিয়ে আঁচে বসান ও ক্রমাগত নাড়তে থাকুন। অল্প জলে অ্যারারুট গুলে রাখুন। দুধ ফুটে উঠলে অ্যারারুট মেশান ও নেড়েচেড়ে দুধটা আরও একটু ফুটিয়ে নিন। এবারে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করে খোয়াক্ষীর মেশান। একেবারে ঠান্ডা হলে লিচুর রস ও বিস্কুটের গুঁড়ো মিশিয়ে একবার তারের ফেটানি দিয়ে ফেটিয়ে নিন। আগে কুলফির ছাঁচগুলো ডিপ ফ্রিজে রেখে ১ ঘণ্টা ধরে ঠান্ডা করে রাখবেন। ফ্রিজের রেগুলেটারও সবচেয়ে ঠান্ডা পয়েন্টে ঘুরিয়ে রাখুন। এইবার ছাঁচের ইঞ্চি খালি রেখে কুলফির মিশ্রণ ভরে নিন ও ডিপ ফ্রিজে ৪-৫ ঘণ্টা ধরে জমতে দিন।