
ভারতীয় রাজনীতি মানেই চোখে ভেসে ওঠে ইস্ত্রি করা ধবধবে সাদা কুর্তা-পায়জামা আর তার ওপর মানানসই নেহরু জ্যাকেটের আভিজাত্য। এমনকী, সিনেমার পর্দাতেও যখন অভিনেতারা, চরিত্রের খাতিরে নেতা হয়ে ওঠেন, তখন গায়ে তোলেন সেই সাদা কুর্তা-পাজামা। বহু দশক ধরে রাজনেতাদের ওয়ারড্রোবে এটিই ছিল এক অলিখিত কিন্তু নির্দিষ্ট ড্রেসকোড। তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতির নান্দনিকতায় নতুন হাওয়া। আর এই হাওয়ার সূত্রপাত যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হাত ধরে, তা কিন্তু ফ্যাশন দুরস্ত মানুষদের নজর এড়িয়ে যায়নি। এর শুরুটা ২০২৩ সালের ঐতিহাসিক ‘ভারত জোড়ো যাত্রা’ থেকেই। ‘ভারত জোড়ো যাত্রার মধ্য দিয়ে যেন দেশের রাজনীতিকদের ফ্যাশন আর স্টাইলিংকে এক ঝটকায় ‘রিস্টার্ট’ দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রথাগত কড়কড়ে ইস্ত্রি করা কুর্তা-পায়জামার বদলে তাঁর পরনে দেখা গেল একরঙা সাদা টি-শার্ট এবং একটি ঢিলেঢালা খাকি প্যান্ট। আধুনিক লাইফস্টাইল ও ফ্যাশন বোদ্ধাদের মতে, এই ‘অ্যাগ্রেসিভলি মিনিমাল’ এবং ক্যাজুয়াল পোশাক স্রেফ পরিধেয় নয়, বরং ক্ষমতার অলিন্দ থেকে মাটির কাছাকাছি পৌঁছানোর এক অন্যতম রাজনৈতিক স্টেটমেন্ট। অন্তত, রাজনৈতিক বিশ্লেষকরা এটাই মনে করেন।
নানা সাক্ষাৎকারে রাজনৈতিক পোশাকে এই বৈপ্লবিক বদল সম্পর্কে রাহুল গান্ধী নিজেই একাধিকবার বলেছেন। তাঁর মতে, প্রথাগত সাজপোশাক ছেড়ে এই সাধারণ সাদা টি-শার্ট এবং খাকি প্যান্ট বেছে নেওয়ার মূল কারণ হল—এটি স্বচ্ছতা, স্থিরতা এবং মানুষের কাছাকাছি পৌঁছানোর জন্যই।
সাদা টি-শার্টের পাশাপাশি এই রাজনৈতিক লুক-এর আসল প্রাণ সঞ্চার করেছে রাহুল গান্ধীর ট্রাউজার্স। গতানুগতিক টাইট বা চেনা ছকের প্রথাগত ফরমাল ট্রাউজার্স নয়, এতে ছিল আধুনিক ফ্যাশনের ছোঁয়া। দীর্ঘ পথ হাঁটার শারীরিক ধকল সহ্য করার জন্য এই প্যান্ট তৈরি করা হয়েছে অতি উন্নতমানের হালকা ও শ্বাস-প্রশ্বাসযোগ্য ফেব্রিক (Lightweight fabric) দিয়ে। যেটি আরামদায়ক। প্যান্টটির কাটিংয়ে ব্যবহার করা হয়েছে আধুনিক ‘ওভারসাইজড’ এবং ঢিলেঢালা ফিটিং। খাকি প্যান্টের এই কাটে রয়েছে একটি সুনির্দিষ্ট ‘ওয়াইড-লেগ সিলুয়েট’ (Wide-leg silhouette)। যা কিনা প্যান্টটিকে সব সময়ই একটা স্ট্রেট লুক দিয়েছে। যা কিনা ফর্মাল বা যেকোনও ক্যাজুয়াল শু অর্থাৎ স্পোর্ট শু, এমনকী, স্নিকারের সঙ্গেও। তবে শুধু সেই ভারত জোড়ো পদযাত্রাই নয়। এই মুহূর্তে রাহুল গান্ধীর পোশাক মানেই সেই খাকি প্যান্ট আর একরাঙা টিশার্ট। তা সমাবেশ হোক কিংবা সংসদ। রাহুল গান্ধী রাজনীতির অলিন্দে যে নতুন পোশাক ট্রেন্ড তৈরি করে ফেলেছেন।