
ঝড় শুরু হওয়ার আভাস পেলে খোলা জায়গায় বা গাছের নিচে থাকবেন না। দ্রুত কোনো পাকা দালান বা সুরক্ষিত বাড়ির ভেতরে আশ্রয় নিন।

ঝড়ের তীব্রতায় জানলার কাঁচ ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। তাই জানলা-দরজা ভালো করে আটকে দিন এবং জানলার খুব কাছে বসবেন না।

বজ্রপাতসহ ঝড় হলে টিভি, ফ্রিজ, কম্পিউটার বা এসির মতো দামি ইলেকট্রনিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখুন। এটি শর্ট সার্কিট বা যান্ত্রিক ক্ষতি এড়াতে সাহায্য করবে।

রাস্তায় থাকা অবস্থায় ঝড় শুরু হলে বড় গাছ, পুরনো দেওয়াল বা বিদ্যুতের খুঁটির নিচে দাঁড়াবেন না। উপড়ে পড়া ডাল বা তার প্রাণঘাতী হতে পারে।

ঝড়-বৃষ্টির সময় বাড়ির ভেতরের কল, পাইপ বা ধাতব কোনো আসবাব স্পর্শ করবেন না। বজ্রপাতের সময় এগুলোর মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে।

ঝড়ের সময় আচমকা বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। তাই এই সময়ে বহুতল ভবনের লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করা বেশি নিরাপদ।

বজ্রপাত চলাকালীন ল্যান্ডফোন ব্যবহার করবেন না। মোবাইল ফোন ব্যবহার করলেও সরাসরি চার্জে দিয়ে কথা বলা থেকে বিরত থাকুন। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ব্যবহারের জন্য টর্চলাইট, মোমবাতি এবং দেশলাই হাতের কাছে রাখুন। মোবাইলে পর্যাপ্ত চার্জ দিয়ে রাখুন যাতে প্রয়োজনে যোগাযোগ করা যায়।