
স্নেক প্ল্যান্ট : গরমকালে বাতাসকে ঠান্ডা এবং বিশুদ্ধ রাখতে স্নেক প্ল্যান্ট অত্যন্ত কার্যকর। এটি রাতেও অক্সিজেন ছাড়ে, তাই শোওয়ার ঘরের (Bedroom) জন্য এটি আদর্শ। সবচেয়ে বড় সুবিধা হলো, এর খুব বেশি যত্নের প্রয়োজন হয় না; সপ্তাহে মাত্র একবার জল দিলেই চলে। তবে সরাসরি কড়া রোদে এটি রাখবেন না।

রাবার প্ল্যান্ট: বড় বড় পাতার কারণে রাবার প্ল্যান্ট বাতাস ঠান্ডা রাখতে সাহায্য করে এবং ঘরের শোভা বাড়ায়। এর খুব সামান্য রোদের প্রয়োজন হয়, তাই জানালার কাছে রাখা ভালো। মাটি শুকিয়ে গেলে তবেই জল দিন, অতিরিক্ত জলে গাছের গোড়া পচে যেতে পারে।

পিস লিলি: গরমে ঘর ঠান্ডা রাখার জন্য পিস লিলি একটি চমৎকার গাছ। এটি বাতাসে আর্দ্রতা তৈরি করে, যা গরমের প্রভাব কমিয়ে দেয়। মনে রাখবেন, এই গাছ ছায়া পছন্দ করে, তাই কড়া রোদ থেকে একে দূরে রাখুন। এর মাটি হালকা ভেজা রাখা প্রয়োজন, তবে অতিরিক্ত জল দেবেন না।

ফার্ন : ফার্ন গাছ একটি প্রাকৃতিক হিউমিডিফায়ার হিসেবে কাজ করে, যা পরিবেশকে ঠান্ডা ও সতেজ রাখে। গরমের সময় এই গাছ ঘরের ভেতরে রাখা খুবই জরুরি। এই গাছ আর্দ্রতা পছন্দ করে, তাই প্রতিদিন সামান্য জল স্প্রে করুন এবং সরাসরি রোদ থেকে বাঁচিয়ে রাখুন।

স্পাইডার প্ল্যান্ট: গরমের দিনে ঘরের ভেতরে রাখার জন্য স্পাইডার প্ল্যান্ট একটি দারুণ বিকল্প। এটি বাতাসকে শুদ্ধ করে এবং ঘরকে শীতল রাখতে সাহায্য করে। এই গাছের জন্য হালকা রোদ এবং খুব কম জলের প্রয়োজন হয়, তাই খুব বেশি দেখাশোনা করার ঝক্কি নেই।

মানিপ্ল্যান্ট: মানিপ্ল্যান্ট ঘরের বাতাস পরিষ্কার রাখে এবং পরিবেশকে শীতল করতে সাহায্য করে। এই গাছ মাটি বা জল— দুই মাধ্যমেই জন্মায়। অল্প আলোতেও এটি খুব ভালোভাবে বেড়ে ওঠে। জানালা বা বারান্দায় এই গাছ লাগালে ঘরের সৌন্দর্যও বহুগুণ বেড়ে যায়।

অ্যালোভেরা : খুব কম মানুষই জানেন যে অ্যালোভেরা বা ঘৃতকুমারী ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে। এছাড়া এটি ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। অ্যালোভেরা ঘরের ভেতরে বা বাইরে দুই জায়গাতেই রাখা যায়। ঘরের ভেতরে রাখলে জানালার পাশে রাখা ভালো, যাতে এটি হালকা রোদ পায়।