
ঝোল বা কারিতে নুন বেশি হলে একটি মাঝারি মাপের কাঁচা আলু ভালো করে ধুয়ে, খোসা ছাড়িয়ে দু-টুকরো করে রান্নায় দিয়ে দিন। আলু অতিরিক্ত নুন শুষে নেবে। পরিবেশনের আগে আলুর টুকরোটি তুলে ফেলে দিন।

ঝটপট নুন কমাতে আটার ছোট ছোট ২-৩টি লেচি বা গোল্লা পাকিয়ে তরকারির ঝোলে ছেড়ে দিন। ৫-১০ মিনিট ফুটিয়ে নেওয়ার পর লেচিগুলো চামচ দিয়ে তুলে নিন। তরকারির বাড়তি নুন উধাও হয়ে যাবে।

আমিষ বা নিরামিষ যেকোনো রিচ গ্রেভিতে নুন বেশি হলে ২-৩ চামচ ফেটানো টক দই মিশিয়ে দিন। দই শুধু নুনের তীব্রতাই কমাবে না, বরং গ্রেভির টেক্সচার এবং স্বাদ দুটোই অনেক গুণ বাড়িয়ে দেবে।

যদি নুন সামান্য বেশি হয়, তবে এক চিমটে চিনি বা সামান্য মধু মিশিয়ে দিতে পারেন। মিষ্টি ভাব নুনের কড়া স্বাদকে খুব সুন্দরভাবে ব্যালেন্স বা নিউট্রিলাইজ করে দেয়, ফলে নুন বেশি হয়েছে তা বোঝাই যায় না।

টক ভাব নুনের তীব্রতা কমাতে দারুণ কাজ করে। রান্নায় নুন বেশি হলে সামান্য পাতিলেবুর রস অথবা একটু টমেটো পিউরি মিশিয়ে দিন। এটি নুনের কড়া ভাব কেটে রান্নায় একটা চটপটা স্বাদ এনে দেবে।

শাহী পনির, চিকেন ভর্তা বা যেকোনো মালাইদার গ্রেভিতে নুন বেশি হলে অল্প কাঁচা দুধ অথবা ফ্রেশ ক্রিম যোগ করুন। এতে নুন তো কমবেই, উপরন্তু গ্রেভি আরও রিচ ও সুস্বাদু হয়ে উঠবে।

ভাজা পেঁয়াজ বা বেরেস্তা বাটা রান্নার অতিরিক্ত নুনকে খুব সহজে শুষে নেয়। গ্রেভি জাতীয় রান্নায় কিছুটা বেরেস্তা হাত দিয়ে গুঁড়ো করে মিশিয়ে দিন। নুন কমে যাওয়ার পাশাপাশি রান্নার সুগন্ধও চমৎকার হবে।

যদি পাতলা ঝোল বা সুপে নুন বেশি হয়, তবে সামান্য ফুটন্ত গরম জল মিশিয়ে দিন। তবে মনে রাখবেন, সাধারণ জল না দিয়ে ফুটন্ত জল দেওয়াই শ্রেয়, এতে রান্নার আসল স্বাদ একদম নষ্ট হয় না।