ভুগছেন আর্থারাইটিসে, অবসরের ভাবনা অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন তারকার

Indian Badminton: আগামী বছরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন সাইনা। তাঁর বর্ণময় কেরিয়ারে কমনওয়েলথ গেমসে সোনার পদক রয়েছে। অলিম্পিক পদকও রয়েছে। এ ছাড়াও একঝাঁক সাফল্য এবং সম্মান। একটা সময় বিশ্বের এক নম্বরও ছিলেন। তবে একদিন সকলকেই থামতে হয়, সাইনাও সেই ভাবনাতেই।

ভুগছেন আর্থারাইটিসে, অবসরের ভাবনা অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন তারকার
Image Credit source: Robertus Pudyanto/Getty Images

Sep 02, 2024 | 8:40 PM

অবসরের পথে ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তি? এমন ভাবনার কথা তিনি নিজেই জানিয়েছেন। তার কারণও রয়েছে। আর্থারাইটিস। ফলে বাধ্য হয়েই অবসরের ভাবনা, এমনটাই জানিয়েছেন অলিম্পিক পদকজয়ী ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। অলিম্পিকের মঞ্চে ইতিহাস গড়েছিলেন তিনি। ভারতের প্রথম মহিলা শাটলার হিসেবে অলিম্পিক পদক জিতেছেন। পরবর্তীতে তাঁর ব্যাটন বয়ে নিয়ে চলেছেন পিভি সিন্ধু। প্রথম জন ৩৪-এই প্রাক্তন হওয়ার পথে! কী বলছেন সাইনা নেহওয়াল?

লন্ডনে ২০১২ অলিম্পিকে পদকজয়ী সাইনা নেহওয়াল ‘হাউস অব গোল্ড’ পডকাস্টে বলেছেন, ‘হাঁটুর অবস্থা একেবারেই ভালো নয়। আমার আর্থারাইটিস রয়েছে। প্র্যাক্টিসেও প্রবল সমস্যায় পড়তে হয়।’ এরপর যোগ করেন, ‘এরকম পরিস্থিতিতে কী ভাবে বিশ্বের সেরা প্রতিযোগীদের চ্যালেঞ্জ জানাবো? একটা সময় বুঝে নিতে হবে, এ বার থামা উচিত। কারণ, সর্বোচ্চ স্তরে খেলতে গেলে ২ ঘণ্টার প্রস্তুতি যথেষ্ট নয়। আর ৮-৯ ঘণ্টার প্র্যাক্টিস আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এরকম চললে কাঙ্খিত ফল পাওয়াও সম্ভব নয়।’

এক বছরের বেশি সময় প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টন থেকে দূরে সাইনা নেহওয়াল। সিঙ্গাপুর ওপেনে শেষ বার খেলেছিলেন। সে কারণেই অস্বস্তিতে সাইনা। বলছেন, ‘আমিও এ বার অবসরের কথা ভাবতে শুরু করেছি। এটা খুবই হতাশার বিষয়। আর বাকিদের মতোই আমার লাইফও কাটবে। এটা ঠিক, ক্রীড়াবিদদের কেরিয়ার খুবই সংক্ষিপ্ত হয়। আমার পথ চলা শুরু হয়েছিল ৯ বছরে। পরের বছর আমার ৩৫ হবে।’

আগামী বছরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন সাইনা। তাঁর বর্ণময় কেরিয়ারে কমনওয়েলথ গেমসে সোনার পদক রয়েছে। অলিম্পিক পদকও রয়েছে। এ ছাড়াও একঝাঁক সাফল্য এবং সম্মান। একটা সময় বিশ্বের এক নম্বরও ছিলেন। তবে একদিন সকলকেই থামতে হয়, সাইনাও সেই ভাবনাতেই।

Loading...
Unable to load recommendations.
Follow Us