
বীরভূম: ফের উত্তপ্ত বীরভূম। মাঝরাতে চলল ১১ রাউন্ড গুলি। গুলিতে জখম তিন জন। বীরভূমের নলহাটিতে হরিদাসপুর গ্রামের ঘটনা। আহতদের নাম বিকি সেখ, হাবিবুল সেখ ও জনি সেখ। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত প্রায় এগারোটা নাগাদ ওই তিনজন হরিদাসপুর গ্রামের কাছে একটি বাঁশের মাঁচায় বসেছিলেন। সেই সময় মুখ বাঁধা অবস্থায় তিনটি মোটরসাইকেলে করে বেশ কয়েকজন দুষ্কৃতী সেখানে পৌঁছয়। কোনও কিছু বোঝার আগেই তারা বিকি ও অন্যদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। মোট ১১ রাউন্ড গুলি চালানোর পর দুষ্কৃতীরা দ্রুত এলাকা থেকে চম্পট দেয়।
গুলির শব্দে স্থানীয় গ্রামবাসীরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। প্রথমে তাদের নলহাটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বিকি ও জনি সেখকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাবিবুল সেখ রামপুরহাটে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে রাতেই নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে ১০ টি কার্তুজের খোল এবং ১টি তাজা কার্তুজ উদ্ধার করেছেন। পুরনো শত্রুতা নাকি অন্য কোনও কারণে এই আক্রমণ, তা খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।