
বীরভূম: তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি (Aditi Munsi) ও দেবরাজ চক্রবর্তীর (Debraj chakraborty) হয়ে মামলা লড়ার জন্য কম বিতর্কে পড়তে হয়নি বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে (Bikash Ranjan Bhattacharya)। তবে তিনি বারেবারে বলেছেন, পেশা আর দল আলাদা। দু’টোকে গুলিয়ে ফেলা যাবে না। এই নিয়ে বিতর্ক শেষ হতে না হতেই এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল থানায়। বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলে বিকাশের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা করলেন বীরভূমের বিজেপি নেতা অরিন্দম সাহা।
কী অভিযোগ?
বিজেপি নেতার দাবি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য মঙ্গলবার কলকাতায় একটি মন্তব্য করেছেন। সেই মন্তব্যকে সংবিধানবিরোধী বলে মনে করছেন ওই বিজেপি নেতা। এর পরেই তিনি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ গ্রহণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
অরিন্দম সাহা কী বলছেন?
তিনি বলেন, “বিকাশরঞ্জন ভট্টাচার্য নিজেকে সব থেকে বেশি শিক্ষিত মনে করেন। আর বাকিরা সব গাধা বা বোকা। রবীন্দ্রনাথের একটা কথা আছে আমরা শিক্ষাকে বহন করিলাম, বাহন করিতে পারিলাম না। গ্রাম-বাংলায় থাকেন তাঁরাও মানুষ। উনি বলেছেন, লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে হবে তবেই অধিকার প্রতিষ্ঠিত হবে। উনি একজন আইনজীবী মানুষ হয়ে কীভাবে এই ধরনের কথা বলতে পারেন? এটা প্রশ্ন। ওঁর এই উস্কানিমূলক মন্তব্যের জন্য মানুষ তো আরও ক্ষিপ্ত হয়ে যাবে। তাই ভারতীয় ন্যায় সংহিতায় এই ধরনের মানুষের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ করা উচিত।বীরভূমের এসপির সঙ্গে কথা হয়েছে। আমি সনাতনী মানুষ হিসাবে এই প্রতিবাদ করব। তাতে আমার প্রাণ যায় যাবে।”
বিকাশরঞ্জন কী বলেছিলেন?
একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎ দিয়েছেন বিকাশবাবু। সেইখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে মানুষের অধিকার রক্ষার স্বার্থে প্রয়োজনে লাঠি হাতে তুলে নিতে হবে। তিনি বলেন, “মানুষকে লাঠি হাতে রাস্তায় নামতে হবে। এছাড়া কোনও অধিকার প্রতিষ্ঠা হয় না। আমি ধারাবাহিকভাবে বলছি। প্রত্যেক মানুষকে নিজের অধিকার নিজের আত্মরক্ষার অধিকারের জন্য নামতে হবে।”