Tarapith: রাতারাতি বন্ধ হতে চলেছে তারাপীঠের এইসব হোটেল, বড় সিদ্ধান্ত সরকারের

Tarapith Hotel Fire: গতকালের ওই অগ্নিকাণ্ডের পর তারাপীঠের হোটেলগুলির স্টাফ ও ম্যানেজারদের ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে কী করতে হবে, তার মহড়া দেওয়া হবে। তারাপীঠে চারশোর মতো হোটেল আছে। প্রত্যেক হোটেল থেকে ২ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

Tarapith: রাতারাতি বন্ধ হতে চলেছে তারাপীঠের এইসব হোটেল, বড় সিদ্ধান্ত সরকারের
তারাপীঠের ১৫টি হোটেল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছেImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 18, 2026 | 3:07 PM

তারাপীঠ: হোটেলগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ রয়েছে কি না। অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা মেনে চলা হয় কি না। তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর থেকে এই প্রশ্নগুলি উঠছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার রামপুরহাট SDO অফিসে বিশেষ অডিট কমিটির বৈঠক হল। সেই বৈঠকে ১৫টি হোটেলকে অবিলম্বে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, তারাপীঠের হোটেলগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ৫টি টিম গঠন করা হল। তারপীঠের প্রত্যেক হোটেল পরিদর্শনে যাবে টিমগুলি।

গতকাল মর্মান্তিক ওই ঘটনার পরই তারাপীঠের হোটেলগুলি নিয়ে নানা প্রশ্ন ওঠে। তারপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এদিন অডিট কমিটির প্রথম বৈঠক হয়। রামপুরহাটের এসডিও রাঠোর অশ্বিন বাবুসিংয়ের নেতৃত্বে ওই বৈঠকে ছিলেন রামপুরহাটের SDPO, WBSEDCL-র প্রতিনিধি, বীরভূমের ডিভিশনাল ফায়ার অফিসার, PWD (ইলেকট্রিক্যাল)-র প্রতিনিধি এবং PWD (সিভিল)-র প্রতিনিধি।

বৈঠক শেষে রামপুরহাটের মহকুমাশাসক রাঠোর অশ্বিন বাবুসিং বলেন, “১৫টি হোটেল অবিলম্বে বন্ধ করা হচ্ছে। আজই নোটিস পাঠাচ্ছি। আজ ১৫টা হোটেলকে নোটিস দিচ্ছি। ফায়ার লাইসেন্স,পলিউশন, FSSAI (ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া) লাইসেন্স নেই। কোনওরকম সেফটি কম্প্রোমাইজ করা হবে না। এখনই বন্ধ করার নির্দেশ দেওয়া হল।” তিনি জানান, এর আগেও বেশ কিছু হোটেলকে নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু, কোনও জবাব আসেনি।

হোটেলগুলির অবস্থা খতিয়ে দেখতে টিম-

তারাপীঠের হোটেলগুলির অবস্থা কেমন, তা খতিয়ে দেখা হবে। মহকুমাশাসক জানান, ৫টা টিম গঠন করা হয়েছে। প্রত্যেক হোটেলে গিয়ে যৌথ ইন্সপেকশন করা হবে। আগামী ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। তার আগেই হোটেলগুলি পরিদর্শনের কাজ শেষ হবে।

ট্রেনিং দেওয়া হবে হোটেলের স্টাফ ও ম্যানেজারদের-

গতকালের ওই অগ্নিকাণ্ডের পর তারাপীঠের হোটেলগুলির স্টাফ ও ম্যানেজারদের ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে কী করতে হবে, তার মহড়া দেওয়া হবে। তারাপীঠে চারশোর মতো হোটেল আছে। প্রত্যেক হোটেল থেকে ২ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি (TRDA)-তে দুর্নীতির অভিযোগ নিয়ে এদিন কিছু বলতে চাইলেন না রাঠোর অশ্বিন বাবুসিং। তিনি বলেন, “TRDA সেনসেটিভ বিষয়। দুর্নীতি নিয়ে এভাবে কিছু বলা ঠিক হবে না। যদি অভিযোগ থাকে, খতিয়ে দেখা হবে। TRDA নিয়ে পরে বৈঠক হবে।”

এদিকে, গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক ও তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এদিন সকালে হোটেল সংলগ্ন পুকুরে তল্লাশি চালানো হয়। আগুন লাগার পর আতঙ্কে ওই পুকুরে কেউ ঝাঁপ দিয়ে তলিয়ে গিয়েছেন কি না, তা খতিয়ে দেখতে এই তল্লাশি বলে প্রশাসনের তরফে জানানো হয়।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us