
শিলিগুড়ি: চিকিৎসক ছুটি নেননি। ছুটির আবেদনও করেননি। কিন্তু উত্তরবঙ্গ মেডিকেলে তাঁর খোঁজ মিলছে না। এমন ১৬ চিকিৎসকের তালিকা তৈরি করল হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর তাঁদের অবিলম্বে হয় ছুটি নিতে নতুবা তাঁদের অনুপস্থিতির কারণ দর্শাতে নির্দেশ দিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
মেডিকেল কলেজ সূত্রে খবর, এই ষোলো জন মেডিক্যাল ডাক্তার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনুপস্থিত থাকলেও কলকাতা ও শিলিগুড়ির বিভিন্ন নার্সিংহোমে নাকি তাঁদের দেখা মিলছে। এরপর তাঁদের কাছে নোটিস যেতেই অনুপস্থিতির জন্যে ছুটির আবেদন করতে বাধ্য হয়েছেন।
প্রাক্তন ডিন এবং মেডিকেল কলেজের চিকিৎসক সন্দিপ সেনগুপ্ত বলেন, “মেডিক্যাল কলেজে আমরা যাঁরা রয়েছি তাঁরা শিক্ষক-চিকিৎসক। আমাদের দেখে প্রচুর পড়ুয়া শেখেন। তবে এটা দুর্ভাগ্যজনক ঘটনা। সরকারি চাকরি করতে হলে নিয়ম নির্দেশ মানতেই হবে। কিছু লোকের কান্ডকারখানায় আমাদের ঘাড়ে ফাঁকিবাজ তকমা লাগছে। আশা করি ওই চিকিৎসকেরা নিজেদের ভুল শুধুরে নেবেন।” চিকিৎসক সংগঠনের তরফে উৎপল বন্দোপাধ্যায়ের অবশ্য বক্তব্য, এটা প্রশাসনিক বিষয়। তবে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে স্বাস্থ্য প্রশাসন নিজেদের কাজে স্বচ্ছতা আনুক।
উল্লেখ্য, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে সম্প্রতি কড়া নির্দেশিকা জারি করে এনআরএস-ও। সরকারি মেডিক্যাল কলেজে বিনামূল্যে ওয়াইফাই (WIFI) আর ব্য়বহার করা যাবে না। অন ডিউটি থাকাকালীন চিকিৎসক-নার্স ও স্বাস্থ্য কর্মীরা এবার থেকে বিনামূল্যে আর সরকারি হাসপাতালের এই ‘ফ্রি’ ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন না। এমনই নির্দেশিকা জারি করেছিল NRS কর্তৃপক্ষ।