Ashok-Suvendu: বাড়িতে পড়ে গিয়ে চোট, অসুস্থ অশোক ভট্টাচার্যকে ফোন মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী কথা হল?

Suvendu Adhikari Called Ashok Bhattacharya: শনিবার বাড়িতে পড়ে যান প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। মাথায় একাধিক চোট পান। প্রচুর রক্তক্ষরণও হয়ে বলে পরিবার সূত্রে খবর। তাঁকে তড়িঘড়ি প্রথমে কলেজপাড়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে ফের অন্য এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অশোক ভট্টাচার্যকে।

Ashok-Suvendu: বাড়িতে পড়ে গিয়ে চোট, অসুস্থ অশোক ভট্টাচার্যকে ফোন মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী কথা হল?
অশোক ভট্টাচার্যImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Jun 07, 2026 | 3:56 PM

শিলিগুড়ি: অসুস্থ সিপিএম নেতা অশোক ভট্টাচার্যকে (Ashok Bhattacharya) ফোন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। শনিবারই বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান বর্ষীয়ান নেতা। তারপর থেকেই বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। রবিবার সিপিএম নেতার স্বাস্থ্যের খোঁজ নিলেন শুভেন্দু অধিকারী। ফোনে ভিডিও কল করে কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। এদিকে, আজ সিপিএম নেতাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিধায়ক ও মন্ত্রী শঙ্কর ঘোষও (Shankar Ghosh)।

কেমন আছেন অশোক ভট্টাচার্য?

জানা গিয়েছে, শনিবার বাড়িতে পড়ে যান প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। মাথায় একাধিক চোট পান। প্রচুর রক্তক্ষরণও হয়ে বলে পরিবার সূত্রে খবর। তাঁকে তড়িঘড়ি প্রথমে কলেজপাড়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে ফের অন্য এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অশোক ভট্টাচার্যকে। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। বেশ কিছু শারীরিক পরীক্ষা নীরিক্ষাও হয়েছে তাঁর। আপাতত, তাঁর শারীরিক পরিস্থিতি খুব একটা উদ্বেগজনক নয়।

মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হল?

আজ ওই বেসরকারি হাসপাতালে অশোক ভট্টাচার্যকে দেখতে যান রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। তারপর শঙ্কর ঘোষের মাধ্যমে অশোক ভট্টাচার্যর সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। ভিডিও কলে দু’জনের কথা হয়। বর্ষীয়ান নেতার কুশল জিজ্ঞেস করেন শুভেন্দু। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি উত্তরবঙ্গে গেলে দেখা করবেন। চলতি মাসেই কার্শিয়াং যেতে পারেন। ফোনে সেই বিষয়েও বলতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। অন্যদিকে, অশোক ভট্টাচার্য তাঁকে অভিনন্দনও জানান।

Follow Us