
শিলিগুড়ি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশিকা আগেই দিয়েছিল। রাজ্যে বিজেপি সরকার আসার পর সেই নির্দেশ মেনেই বার্তা দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। অভিযোগ, তারপরেও বহু ইংরেজি মাধ্যম ও মিশনারি স্কুল গাইছে না বন্দে মাতরম। এই নিয়ে রাজ্যের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
শিলিগুড়িতে বহু ইংরেজি মাধ্যম ও মিশনারি স্কুল রয়েছে। সেখানে এখনও বন্দেমাতরম গাওয়া হচ্ছে না। সংস্কৃত শব্দবন্ধ, কঠিন উচ্চারণ ইত্যাদি অজুহাত সামনে রেখেই প্রার্থনা সঙ্গীত হিসেবে অন্য কোনও গান গাওয়া হচ্ছে। তবে হাতে গোনা কিছু ইংরেজি মাধ্যম স্কুল আবার সরকারের মনোভাব বুঝে বন্দেমাতরম গাওয়া শুরু করেছে। কোথাও আবার জোর কদমে শুরু হয়েছে রিহার্সাল।
ছাত্রছাত্রীদের নিয়ে গানের শিক্ষকরা প্রতিদিন নিয়ম করে বন্দেমাতরম গানের রিহার্সাল করাচ্ছেন। স্কুলের অধ্যক্ষ বলেন, “আমরা নিজের স্কুলে আগে থেকেই প্রথম দুটো স্তবক গাইতাম। এবার বাকি দুটো স্তবক ছাত্রছাত্রীদের শেখাচ্ছি।” তিনি বলেন, “উত্তরবঙ্গে আমাদের উত্তরবঙ্গ সহোদয় স্কুল কমপ্লেক্সের অধীনে ৮০টি সিবিএসই স্কুল আছে। তাদেরকেও দ্রুত বন্দেমাতরম শুরু করার নির্দেশ দিয়েছি। তবে মিশনারি স্কুলগুলি আমাদের সংগঠনের আওতার বাইরে। তবে আশা করছি ওরাও দ্রুত গাইবে।”
উল্লেখ্য, বিজেপি ক্ষমতায় আসার পরই রাজ্যের সব সরকারি স্কুলে বাধ্যতামূলকভাবে বন্দে মাতরম গাওয়ার কথা বলা হয়েছে। পরে মাদ্রাসাগুলির জন্যও একই নির্দেশিকা দিয়েছে বিকাশ ভবন।