
হাওড়া: হাওড়াতে বিধ্বংসী আগুন। একটি আবাসনে আগুন লেগেছে। যেখানে আগুন লেগেছে সেখানে পাঁচ থেকে সাতজন আটকে ছিল বলে খবর। তাঁদের উদ্ধারে এসেছে পাঁচটি দমকলের ইঞ্জিন। আগুনে অনেকে ঝলসে গিয়েছে বলে এখনও অবধি জানা যাচ্ছে। মৃত্যু এক বৃদ্ধার। নাম গোপা মুখোপাধ্যায় (৭২)। দমকল কর্মীরা কার্যত কোল পাঁজা করে তাঁদের উদ্ধার করেছেন আহতদের। কার্যত ভস্মীভূত পুরো আবাসন।
ঘটনাটি হাওড়ার অঙ্কুরহাটির মহিয়াড়ি আমতলা এলাকার ঘটনা। সেই আবাসনেই হঠাৎ করে আগুন লাগে। সেখান পাঁচ থেকে ছ’জন আটকে ছিলেন। খবর পাওয়ার পর দমকল পৌঁছয় সেখানে। তবে জানা যাচ্ছে আগুনের উত্তাপে অনেকেই আহত হয়েছেন। অনেকে ঝলসে গিয়েছেন বলেও জানা যাচ্ছে। এরপরই দমকল কর্মীরা তাঁদের কোলেপাঁজা করে সিঁড়ি থেকে নামিয়ে নিচে নিয়ে আসেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ইঞ্জিনের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির গৃহকর্তা গিয়েছিলেন কাজে। সেই সময় কোনও ভাবে আগুন লেগে যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুতোলা আর তিনতলা অবধি আগুন ছড়িয়ে পড়ে।
এখানে উল্লেখ্য, সম্প্রতি কলকাতার ফ্রি-স্কুল-স্ট্রিটের একটি হোটেলে আগুন ধরে গিয়েছিল। সেখানে কমপক্ষে ন’জনের মৃত্যু হয়। তার আগে তারাপীঠের একটি হোটেলে আগুন ধরে গিয়েছিল। সেখানেও মৃত্যু হয়েছিল একাধিকের। যদিও সেগুলি সবকটিই ছিল হোটেল। তবে এ ক্ষেত্রে এবার আবাসনের ঘটনা ঘটল।