Gold Robbery in Bengal: ২০ ভরি সোনা, ৭-৮ কেজি রুপো সব হাওয়া! পরপর গুলি, দোকান বন্ধ করতেই সব খোয়ালেন হওড়ার স্বর্ণ ব্যবসায়ী

200 Grams Gold Looted: ঘটনার খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুরো এলাকা ঘিরে ফেলে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশিও শুরু হয়। ব্যবসায়ীর কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Gold Robbery in Bengal: ২০ ভরি সোনা, ৭-৮ কেজি রুপো সব হাওয়া! পরপর গুলি, দোকান বন্ধ করতেই সব খোয়ালেন হওড়ার স্বর্ণ ব্যবসায়ী
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 14, 2026 | 8:19 AM

হওড়া: হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীর উপর চলল গুলি। শনিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত রানিহাটি পুরাতন বাজারে। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন চন্দন কাঁড়ার নামে ওই স্বর্ণ ব্যবসায়ী। সেই সময়ই তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। বাইকে ওঠার মুহূর্তেই পাঁচজন দুষ্কৃতী তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। পিঠে থাকা গয়নার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শেষে একপ্রকার জোর করেই ছিনিয়েও নেয়। চন্দন বাধা দেওয়ার চেষ্টা করলে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। 

যদিও সেই গুলি চন্দনের গায়ে না লাগলেও ব্যবসায়ীর বাইকের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গুলির আওয়াজে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। ছুটে আসেন আশপাশের দোকানের ব্যবসায়ীরাও। তখনই আর দেরি না করে তিনটি বাইকে চড়ে জাতীয় সড়কের দিকে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। ঘটনায় স্বভাবতই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় ব্যবসায়ীরা তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। 

চন্দন কাঁড়ার বলছেন, রাত ৯টা ২০ মিনিট নাগাদ দোকান বন্ধ করে বের হওয়ার সময় তিনি লক্ষ্য করেন কয়েকজন যুবক আগে থেকেই ওখানে ওৎ পেতে রয়েছে। তিনি বাইকে ওঠার সঙ্গে সঙ্গেই তারা তাঁর উপর হামলা চালায়। ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ২০০ গ্রাম সোনা, ৭-৮ কেজি রুপো এবং নগদ ৫০ থেকে ৬০ হাজার টাকা ছিল বলে জানাচ্ছেন তিনি।  

ঘটনার খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুরো এলাকা ঘিরে ফেলে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশিও শুরু হয়। ব্যবসায়ীর কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। 

Follow Us