Howrah Heavy Rain: এমার্জেন্সি ছাড়া বন্ধ সব, জল থই থই বালির ESI হাসপাতাল

Howrah Heavy Rain and Flooding: আবহাওয়া বদলালেও মেলেনি স্বস্তি, বেলুড় ইএসআই হাসপাতাল প্রাঙ্গণে এখনও হাঁটু জল। জরুরি বিভাগসহ হাসপাতালের একাধিক অংশে জল ঢুকে পড়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। এমার্জেন্সি ছাড়া বন্ধ রাখা হয়েছে এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা।

Howrah Heavy Rain: এমার্জেন্সি ছাড়া বন্ধ সব, জল থই থই বালির ESI হাসপাতাল
জল থই থই বালি হাসপাতালImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 18, 2026 | 6:55 PM

হাওড়া: গভীর নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহর থেকে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতা-শহরতলি, হাওড়ায় ব্যাপক বৃষ্টি হয়েছে।  রবিবারের টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়া ও বালির বিস্তীর্ণ অঞ্চল। মঙ্গলবার সকাল থেকে সে অর্থে বৃষ্টি হয়নি।  আবহাওয়া বদলালেও মেলেনি স্বস্তি, বেলুড় ইএসআই হাসপাতাল প্রাঙ্গণে এখনও হাঁটু জল। জরুরি বিভাগসহ হাসপাতালের একাধিক অংশে জল ঢুকে পড়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। এমার্জেন্সি ছাড়া বন্ধ রাখা হয়েছে এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা। স্থগিত ছোটখাটো অস্ত্রোপচারও, যার ফলে চরম বিপাকে রোগী ও তাঁদের পরিজনেরা।

ভুক্তভোগীদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই জল জমা এই হাসপাতালের দীর্ঘদিনের সমস্যা। স্থায়ী সমাধান না হওয়ায় প্রতি বর্ষাতেই এই নরকযন্ত্রণা সহ্য করতে হয়।

হাসপাতালের সহকারী সুপার জয়দীপ পাল সমস্যার কথা স্বীকার করে জানান, হাসপাতালটি ভৌগোলিক দিক থেকে নিচু জায়গায় অবস্থিত হওয়ায় আশপাশের জমা জল এখানে চলে আসে। জল নিষ্কাশনের জন্য প্রশাসনিক উদ্যোগে পাম্প চালানো হচ্ছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা চলছে।

হাসপাতাল ছাড়াও শিবপুরসহ হাওড়ার একাধিক এলাকা এখনও জলের তলায়। স্থানীয় বিধায়ক জানান, নিকাশি ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে শহরের বিভিন্ন প্রান্তে অতিরিক্ত পাম্প চালানো হচ্ছে। ভবিষ্যতে হাওড়াবাসীকে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে একটি বিশেষ ‘মাস্টার প্ল্যান’ তৈরি করা হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us