Howrah Municipal Corporation: হাওড়া পৌরনিগম নিয়ে বড় পদক্ষেপ শুভেন্দুর সরকারের, কী সিদ্ধান্ত নিল? 

Howrah Municipal Corporation latest decision: সম্প্রতি হাওড়া পৌরনিগমের দায়িত্বে ছিলেন পুর কমিশনার প্রসেনজিৎ চক্রবর্তী। তবে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক রদবদলের অংশ হিসেবেই ফের জেলাশাসকের হাতে দায়িত্ব ফিরল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পি দীপাপ প্রিয়া ২০১১ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস। তাঁর হাতেই পৌরনিগমের দায়িত্ব দিল নতুন সরকার।

Howrah Municipal Corporation: হাওড়া পৌরনিগম নিয়ে বড় পদক্ষেপ শুভেন্দুর সরকারের, কী সিদ্ধান্ত নিল? 
হাওড়া পৌরনিগম (ফাইল ফোটো)Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

May 19, 2026 | 9:47 PM

হাওড়া: সাড়ে ৭ বছর আগে পৌরনিগমের মেয়াদ শেষ হয়েছে। এতদিনেও ভোট হয়নি। প্রশাসক দিয়ে পৌরনিগমের কাজ চলছে। এবার রাজ্যে সরকার বদল হতেই বোর্ডহীন হাওড়া পৌরনিগমে প্রশাসনিক শীর্ষে ফের বদল হল। এবার প্রশাসকের দায়িত্ব তুলে দেওয়া হল হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়ার হাতে। মঙ্গলবার রাজ্য সরকারের নির্দেশ জারির পরই তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

কলকাতার পার্শ্ববর্তী হাওড়া পৌরনিগমের গুরুত্ব অপরিসীম। ২০১৮ সালের ডিসেম্বর মাসে তৎকালীন পৌরবোর্ডের মেয়াদ শেষ হয়। তারপর থেকে এখনও পর্যন্ত হাওড়ায় পৌরভোট হয়নি। প্রশাসকমণ্ডলীর হাত ধরেই চলছে পৌরনিগমের কাজকর্ম। এই সময়কালে কখনও মন্ত্রী, কখনও সরকারের প্রতিনিধি, আবার কখনও জেলাশাসক বা পুর কমিশনারকে প্রশাসকের ভূমিকায় দেখা গিয়েছে। পৌর পরিষেবা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। 

সম্প্রতি হাওড়া পৌরনিগমের দায়িত্বে ছিলেন পুর কমিশনার প্রসেনজিৎ চক্রবর্তী। তবে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক রদবদলের অংশ হিসেবেই ফের জেলাশাসকের হাতে দায়িত্ব ফিরল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পি দীপাপ প্রিয়া ২০১১ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস। তাঁর হাতেই পৌরনিগমের দায়িত্ব দিল নতুন সরকার। পৌরনিগম সূত্রে খবর, ভোট না হওয়া পর্যন্ত শহরের নাগরিক পরিষেবার সামগ্রিক তদারকি করবেন জেলাশাসকই।

দীর্ঘদিন ধরে নির্বাচিত পুরবোর্ড ছাড়া চলা হাওড়া পৌরনিগমে এই পরিবর্তন ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। হাওড়া পৌরনিগমে ভোট না হওয়ার পিছনে বালি পৌরসভাকে আলাদা করার বিষয়টি জড়িত বলে অনেকে মনে করছেন। একসময় বালি পৌরসভাকে হাওড়া পৌরনিগমের সঙ্গে যুক্ত করা হয়েছিল। কিন্তু, কয়েক বছর আগে তৎকালীন তৃণমূল সরকার বালি পৌরসভাকে ফের আলাদা করার সিদ্ধান্ত নেয়। যে বিলটি আনা হয়, তাতে তৎকালীন রাজ্যপাল স্বাক্ষর না করায় পৌরনিগমের নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। নতুন সরকার সব জটিলতা কাটিয়ে হাওড়া পৌরনিগমের নির্বাচন নিয়ে কবে উদ্যোগী হয়, সেটাই এখন দেখার।

Follow Us