
হাওড়া: হাওড়া-ব্যান্ডেল লোকালে ভয়ঙ্কর ঘটনা। মহিলা কামরায় উঠে চলন্ত ট্রেন থেকে এক মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ। গ্রেফতার এক যুবক। রবিবার রাত্রি ৮টা বেজে ১০ মিনিট নাগাদ হাওড়া ব্যান্ডেল লোকাল বেলুড় স্টেশন ছেড়ে এগতেই এই ঘটনা ঘটে।
রেল সূত্রে খবর, গুরুতর আহত ওই মহিলা রিষরার প্রভাস নগরের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই মহিলাকে রাতেই স্থানীয় বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ট্রেন থেকে ফেলে দেওয়ায় মহিলার হাত ভেঙে যায়, পায়ে ও মাথায় গভীর চোট পান ওই মহিলা যাত্রী। বেলুড় জিআরপি তে মহিলার অভিযোগের ভিত্তিতে বালি স্টেশন থেকে ওই যুবককে গ্রেফতার করেছে জিআরপি। ধৃতকে খুনের চেষ্টার অভিযোগে আজ হাওড়া আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।
আহত মহিলা রোশনি বলেন, “আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম। উঠেছিলাম ব্যান্ডেল লোকালে। লিলুয়া অবধি ঠিক ছিলাম। এরপর একজন লোক এল, আমার দিকে তাকাল তারপর ধাক্কা দিয়ে দিল। ট্রেন চলছিল। আমি তারপর রেললাইনে পড়ে যাই।” আহতের মা শম্পা দেবী বলেন, “আমার মেয়ে ভাগ্যের জোরে বেঁচে ফিরে এসেছে। এটা আর অন্য কারও সঙ্গে না হয়। যেন এমন আর কারও সঙ্গে না হয়।” বাবা রাম বিনয়ে রাম বলেন, “আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়ি। হঠাৎ করে এমন ঘটনা ঘটল।”