
উলুবেড়িয়া: বিএসএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ, অভিযুক্ত জওয়ান এক মহিলাকে জোর করে জড়িয়ে ধরে চুমু খান। আতঙ্কে ওই মহিলা চিৎকার শুরু করলে এলাকার লোকজন ছুটে আসেন। হাতেনাতে ওই বিএসএফ জওয়ানকে ধরে ফেলেন। এদিন সকালে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে উলুবেড়িয়ার কুলগাছিয়াতে।
মহিলার অভিযোগ, উনি এদিন সকাল ৬টা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। রাস্তা প্রায় ফাঁকা ছিল। সেই সময় উর্দিধারী এই বিএসএফ জওয়ান তাঁকে লক্ষ্য করে অশ্লীল ইঙ্গিত করেন। কুপ্রস্তাবও দেন। প্রতিবাদ করেন ওই মহিলা। এই সময়েই আচমকা ওই মহিলাকে জড়িয়ে ধরেন ওই বিএসএফ জওয়ান। ছুটে পালাতে গেলে তাঁকে জোর করে ধরে চুমুও খেয়ে নেন বলে অভিযোগ। তখনই চিৎকার শুরু করে দেন তিনি। এলাকার বাসিন্দাদের হাতে ধরা পড়ে যান অভিযুক্ত।
এরইমধ্যে খবর যায় উলুবেড়িয়া থানায়। ছুটে আসে পুলিশ। ঘটনাস্থল থেকেই ওই জওয়ানকে ধরে নিয়ে যায় পুলিশ। ইতিমধ্যেই ওই মহিলা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানি, জোর করে আটকে রাখা এবং হুমকি দেওয়ার অভিযোগে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। হাওড়া গ্রামীণ পুলিশের সুপার স্বাতী ভাঙালিয়া জানিয়েছেন, অভিযোগ পেতে না পেতেই তাঁরা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছেন। জিজ্ঞাসাবাদ চলছে পুরোদমে।