Independence Day: ১৯৪৭-এর ১৫ অগস্ট জাতীয় পতাকা ওড়েনি মালদহতে! কেউ লুকিয়েছিল, কেউ প্রাণ হাতে পালিয়েছিল, কী ঘটেছিল সেইদিন?

Malda Independence Day History: মালদহর মানুষ চায়নি চাপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ-এর সঙ্গে মিশে যাক এই মালদহ। এই সব এলাকা হয়ে যাচ্ছিল পূর্ব পাকিস্তান। আর সেইদিনের উদ্বেগ ছিল এই কারণেই। সিরিল র‍্যাডক্লিফের ভুলের খেসারত দিতে হচ্ছিল মালদহ জেলার বাসিন্দাদের।

Independence Day: ১৯৪৭-এর ১৫ অগস্ট জাতীয় পতাকা ওড়েনি মালদহতে! কেউ লুকিয়েছিল, কেউ প্রাণ হাতে পালিয়েছিল, কী ঘটেছিল সেইদিন?
মালদহের স্বাধীনতা দিবসের ইতিহাস জানেন?Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 15, 2026 | 4:30 PM

মালদহ: আজ ১৫ অগস্ট। দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস (Independence Day)। তবে আজকের দিনে দেশ স্বাধীন হলেও, ১৯৪৭ সালের ১৫ অগষ্ট মালদহ(Malda)-তে ওড়েনি জাতীয় পতাকা। চরম আতঙ্কে, উৎকন্ঠার মধ্যে ঘরে লুকিয়ে ছিলেন অনেকে।অনেক পরিবার মালদহ ছেড়ে দিয়ে অন্যত্র চলে গিয়েছিলেন। অনেকে আবার তল্পি-তল্পা গুটিয়ে নিয়েছিলেন অন্যত্র ঠিকানার সন্ধানে। কেউ কেউ পাকিস্তানি সেনার হুমকি, নির্যাতনের শিকারও হয়েছিলেন বলে শোনা যায়। কিন্তু কেন?

মালদহ লাগোয়া বাংলাদেশ সীমান্ত। ওপারে বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ। জাল নোট, মাদক, অস্ত্র পাচার থেকে শুরু করে জামাতিদের উগ্র মৌলবাদী জঙ্গি কার্যকলাপের আখড়া। নিয়মিত ভারত বিরোধী স্লোগান সামনে এসেছে ওপার থেকে। বারবার অনুপ্রবেশ করে জমি দখল বা লুঠ হয়েছে। এই রাগ-ক্রোধ সেই ১৯৪৭-র সময় থেকেই। কারণ মালদহর মানুষ চায়নি চাপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ-এর সঙ্গে মিশে যাক এই মালদহ। এই সব এলাকা হয়ে যাচ্ছিল পূর্ব পাকিস্তান। আর সেইদিনের উদ্বেগ ছিল এই কারণেই। সিরিল র‍্যাডক্লিফের ভুলের খেসারত দিতে হচ্ছিল মালদহ জেলার বাসিন্দাদের।

১৯৪৭ সালের দেশভাগের সময় ১৫ থেকে ১৭ আগস্ট পর্যন্ত মালদহ জেলা প্রশাসনিকভাবে পূর্ব পাকিস্তানের অধীনে ছিল, যার কারণে সেখানে পাকিস্তানি পতাকা উড়ছিল। মূল বিভ্রান্তি তৈরি হয়েছিল লর্ড মাউন্টব্যাটেন এবং স্যার সিরিল র‌্যাডক্লিফের সীমানা নির্ধারণের খসড়াতেই।

১৯৪৭ সালের ১৪ অগস্ট দেশভাগের পর তৎকালীন মালদহ জেলাকে প্রাথমিকভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিবেচনা করে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) অংশ হিসেবে দেখানো হয়েছিল। ১৫ অগস্ট ভারতের বাকি অংশ স্বাধীন হলেও মালদহ-র তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট প্রশাসনিক ভবনে পাকিস্তানের পতাকা উত্তোলন করেন। ফলে ১৫ থেকে ১৭ আগস্ট পর্যন্ত মালদহবাসী এক চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটান।

পরে মালদহর স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট ব্যক্তিরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে কলকাতায় আন্দোলন ও আইনি লড়াই শুরু করেন। অবশেষে ১৭ অগস্ট রাতে সংশোধিত ‘র‌্যাডক্লিফ লাইন’ ঘোষণা করা হয়, যেখানে মালদহর বড় অংশকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। ১৭ অগস্ট মধ্য রাতের পর মালদহ ভারতের অংশ হিসাবে স্বীকৃতি পায় এবং ১৮ আগস্ট মালদহ কালেক্টরেট ভবনে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us