
জলপাইগুড়ি: নিয়োগের জল্পনা চলছিলই। অবশেষে দীর্ঘ ১০ বছরের বেশি সময় পর জলপাইগুড়ি জেলার ৯০২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের জন্য প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। পর্ষদের তরফে শুক্রবার এই নির্দেশিকা জারি করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে প্রতিটি সার্কেল অফিসগুলিতে ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকারা তাঁদের আবেদনপত্র জমা করতে পারবেন। আগামী ৬ মার্চ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে জানা যাচ্ছে পর্ষদের তরফে।
সংসদের সভাপতি লৈক্ষ্য মোহন রায় বলেন, “সার্কেল স্তরে সিনিয়রিটি অনুযায়ী হেড টিচার প্যানেল তৈরি হবে। সেই প্যানেল সংসদে আসার পরে কাউন্সিলিংয়ের মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ করা হবে।” ইতিমধ্যেই
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ির জেলা সভাপতি স্বপন বসাক আবার কৃতজ্ঞতা প্রকাশ করছেন সংসদের প্রতি। বলেন, “হেড টিচার নিয়োগের বিজ্ঞপ্তি জারির জন্য আমরা সংগঠনের তরফে শিক্ষা দফতর, ডি.পি.এস.সি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।” সংসদের বিজ্ঞপ্তি নিয়ে ইতিমধ্য়েই জোর চর্চা শুরু জেলার শিক্ষা মহলে। শিক্ষানুরাগী অনেক মানুষই সংসদের এই নতুন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।