
জলপাইগুড়ি: সামনে ছুটছেন হেড স্যার। পিছনে ছুটছে স্কুলেরই একদল ছাত্র। তারপর পিছন থেকে সজোরে ধাক্কা। সোজা মাটিতে আছড়ে পড়লেন প্রধান শিক্ষক। কয়েকদিন শিক্ষক কোনও ক্রমে দৌড়ে গিয়ে তাঁকে টেনে তুলছেন। ততক্ষণে প্রধান শিক্ষকের মাথা থেকে রক্ত পড়ছে। জলপাইগুড়ির স্কুলের এই দৃশ্য কার্যত পরিবেশ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। স্কুলে কী এমন ঘটল যে প্রধান শিক্ষককে এভাবে মার খেতে হল!
মঙ্গলবার দুপুরের ঘটনা। শিক্ষক দিবসের বিশেষ খাওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল জলপাইগুড়ি জেলা স্কুলে। প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। স্কুলের পরিস্থিতি এদিন রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় ছাত্রদের একাংশ। তবে কী কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়ে মুখ খোলেননি প্রধান শিক্ষক।
অভিযোগ, প্রধান শিক্ষকের মারে আহত হয়েছেন বেশ কয়েকজন ছাত্র। পাল্টা ছাত্রদের মারধর করে ছাত্ররা। ছাত্রদের মারে মাথা ফাটল প্রধান শিক্ষকের। স্কুলেও ভাঙচুর চলে বেশ কিছুক্ষণ ধরে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কীভাবে এমনটা ঘটল, তা বুঝে উঠতে পারছেন না স্কুলের শিক্ষকরাও। তাঁরা বলছেন, কীভাবে কী ঘটে গেল জানি না, এতে স্কুলের পরিবেশ নষ্ট হল।
এদিকে ছাত্রদের দাবি, এদিন শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছিল। সেখানেই হাজির হয়েছিল কয়েকজন ছাত্র। তাদের অভিযোগ, খাবারের জায়গায় প্রবেশ করায় হঠাৎ চড়াও হন প্রধান শিক্ষক। ছাত্রদের মারধর করতে শুরু করেন তিনি। কয়েকজন ছাত্রের রক্তাক্ত অবস্থায় হয় বলেও অভিযোগ।