School Student Death: চার বন্ধু মিলে স্নানে নেমে আর ঘরে ফিরল না দু’জন, দুই স্কুল পড়ুয়ার মৃত্যুতে শোকের ছায়া রাজগঞ্জে

Rajganj School Student Drowning: স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, স্কুলে ঢুকতে না পেরে চার ছাত্রই পারমুন্ডা এলাকায় ঘুরতে এসে স্নান করতে নামে। সেই সময় হঠাৎই দুই কিশোর গভীর জলে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা এক বন্ধু চিৎকার করে সাহায্য চাইলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে সাহায্যের চেষ্টা করে।

School Student Death: চার বন্ধু মিলে স্নানে নেমে আর ঘরে ফিরল না দু’জন, দুই স্কুল পড়ুয়ার মৃত্যুতে শোকের ছায়া রাজগঞ্জে
শোকের ছায়া এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 02, 2026 | 7:14 PM

রাজগঞ্জ: রাজগঞ্জ ব্লকের মান্দাদারি গ্রাম পঞ্চায়েতের পারমুন্ডা এলাকায় স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল দুই স্কুল পড়ুয়ার। মৃতদের নাম কৃষ্ণ মণ্ডল (১৪) ও দীপ বিশ্বাস (১৪)। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগর এলাকার বাসিন্দা চার স্কুল পড়ুয়া এদিন স্কুলের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর স্কুলে যায়। ফলে শিক্ষক তাঁদের স্কুলে ঢুকতে না দিয়ে ফিরিয়ে দেয়। প্রত্যেই নিউ জলপাইগুড়ি রেলওয়ে কলোনি হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র বলে জানা যাচ্ছে। 

স্থানীয় সূত্রেই জানা যাচ্ছে, স্কুলে ঢুকতে না পেরে চার ছাত্রই পারমুন্ডা এলাকায় ঘুরতে এসে স্নান করতে নামে। সেই সময় হঠাৎই দুই কিশোর গভীর জলে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা এক বন্ধু চিৎকার করে সাহায্য চাইলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে সাহায্যের চেষ্টা করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। দুই ছাত্রই গভীর জলে তলিয়ে যায়। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ভোরের আলো থানা এবং গজলডোবা ফাঁড়ির ওসি। আসেন বন দফতরের কর্মীরা। পুলিশ তাঁদের উদ্ধার করলেও ততক্ষণে সব শেষ। ময়নাতদন্তের জন্য দেহগুলি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। খবর চাউর হতেই শোকের ছায়া গোটা এলাকায়। এলাকায় বন দফতরের তরফে পাহারা দেওয়ার দাবিও উঠেছে। 

প্রত্যক্ষদর্শী মোশারফ হোসেন বলছেন, স্কুলে ঢুকতে না পেরে ওরা এখানে এসেছিল বলে শুনেছি। চারজন একসঙ্গে স্নান করতে নেমেছিল। কিছুক্ষণ পর তাদের মধ্যে দু’জন জলে তলিয়ে যায়। খবর পেয়ে তিনি নিজেও খোঁজাখুঁজি শুরু করেন। তবে প্রথমে তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তল্লাশিতে দুই কিশোরের দেহ উদ্ধার হয়। 

Follow Us