TMC Leader: ‘৫ বছর পর দেখে নেব’, প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশকেই হুমকি তৃণমূল নেতার!

Extortion Charge: সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করে ঠিকাদারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ ছিল ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে। টাকা দেওয়ার পরও মেলেনি কাজ, টাকা ফেরত চাইতে গেলে উল্টে প্রাণনাশের হুমকির অভিযোগও রয়েছে।

TMC Leader: ৫ বছর পর দেখে নেব, প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশকেই হুমকি তৃণমূল নেতার!
হুমকি তৃণমূল নেতার।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 14, 2026 | 5:55 PM

মালদহ: ক্ষমতা চলে গিয়েছে, কিন্তু তৃণমূল নেতাদের ঔদ্ধত্য যায়নি। তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা।  থানা থেকে কোর্টে যাওয়ার পথে প্রিজন ভ্যানে ওঠার সময় পুলিশকে দেখে নেওয়ার হুমকি দিলেন। বললেন, “পাঁচ বছর পরে দেখে নেব।”

সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করে ঠিকাদারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ ছিল ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে। টাকা দেওয়ার পরও মেলেনি কাজ, টাকা ফেরত চাইতে গেলে উল্টে প্রাণনাশের হুমকির অভিযোগও রয়েছে। সেই অভিযোগেই গ্রেফতার হয়েছেন রতুয়ার তৃণমূল নেতা তথা সামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্রবণ কুমার দাস।

রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই তিনি পরিচিত। এই নেতার বিরুদ্ধে শুধু তোলাবাজি নয়, জমি দখলেরও অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই তাঁকে গ্রেফতার করে রতুয়া থানার পুলিশ। চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। থানা থেকে বেরনোর সময়ই পুলিশের উদ্দেশে ধৃত তৃণমূল নেতার হুঁশিয়ারি, “পাঁচ বছর পর দেখে নেব।”

ধৃত ওই তৃণমূল নেতা বলেন, “রাজনৈতিক ইস্যুতে গ্রেফতার করা হয়েছে। পার্টি অফিস করতে দিইনি কলেজের সামনে, তাই এগুলো। তবে বলছি, সরকার থাকবে না। সরকার পাঁচ বছর পর চেঞ্জ হবে।”

অভিযোগকারী ঠিকাদার ওয়াসিম আকরামের অভিযোগ, শুধু তিনিই নন, আরও বহু মানুষ শ্রবণ কুমার দাসের কাছে টাকা পান। তাঁর দাবি, পঞ্চায়েতের সরকারি কাজের জন্য ২ লক্ষ ২০ হাজার টাকা কাটমানি দিয়েছিলেন।তারপরও মেলেনি কাজ। তোলাবাজি থেকে জমি দখল-একাধিক কীর্তি রয়েছে সামসি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান এবং বর্তমান পঞ্চায়েত সদস্য শ্রবণ কুমার দাসের। বিধায়ক সমর মুখোপাধ্যায়ের ছত্রছায়াতেই দীর্ঘদিন ধরে এই কারবার চালিয়েছেন তিনি। শুক্রবার তাঁকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। থানা থেকে বের হতেই পুলিশকে পাঁচ বছর পর দেখে নেওয়ার হুমকি দেন তৃণমূল নেতা।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us