
মালদহ: মালদহের ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে খুনের হুমকির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মোবাইলের টাওয়ার লোকেশন দেখে কালিয়াচক থেকেই আটক করা হয়েছে ওই তিন জনকে। যদিও তদন্তের স্বার্থে এখনই কারোর নাম প্রকাশ্যে আনতে চাইছেন না তদন্তকারীরা।
অন্যদিকে এই ঘটনায় পুলিশের তদন্ত নিয়ে সন্ধিহান তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। তিনি পালটা হুমকি দিয়ে বলেন, “পুলিশ না ধরতে পারলেও মালদহ জেলা তৃণমূল খুঁজে নেবে দুষ্কৃতীদের। তাঁদের গুঁড়িয়ে দিয়ে শিক্ষা দেবে।” বিধানসভা নির্বাচন সামনে আর সে কারণেই কোনও কুচক্রী এই সব কাণ্ড করছে বলে দাবি তৃণমূল জেলা সভাপতির।
কখনও দুলাল সরকারক্র খুন, কখনও সাবিত্রী মিত্রকে খুনের চেষ্টা, কখনও আবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি। তবে কুচক্রীরা দলের ভেতরের না বাইরের তা স্পষ্ট করেননি তিনি।
শুক্রবার কৃষ্ণেন্দু নারায়ণের কাছে হুমকি মেসেজ আসে বলে অভিযোগ। কৃষ্ণেন্দু অভিযোগ করেন, বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ তিনি একটি মেসেজ পান। যিনি বার্তা পাঠিয়েছিলেন, তিনি নিজেকে ‘ডি কোম্পানি’র প্রদীপ বলে পরিচয় দিয়েছেন। তিনি বার্তায় লেখেন, ‘‘২০ পেটি দেনা হোগা আপকো, নেহি তো তুম অর তুমহারি ফ্যামিলি মেম্বার কো টোক দেঙ্গে।” এরপর তিনি থানায় অভিযোগ দায়ের করেন। দুপুরের মধ্যেই ফোনের টাওয়ার লোকেট হয়ে যায় বলে পুলিশ জানিয়ে দেয়।