
মালদহ: নিম্নমানের চাল দেওয়া হচ্ছে রেশনে। চালে ইঁদুরের মল, পোকা কী নেই! বাজে গন্ধও বেরোয় চাল থেকে। একইসঙ্গে কম পরিমাণে আটা দেওয়া, নিয়মিত রেশন না দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। মানিকচকের রেশন ডিলার নির্মলকুমার সিংয়ের বিরুদ্ধে সমস্ত অভিযোগ। রবিবার মানিকচক ব্লকের জালালপুরে বিক্ষোভ দেখান উপভোক্তারা।
রেশন গ্রাহক সওকত আলির অভিযোগ, “রেশনের চাল পোকা ধরা। ইঁদুরের পায়খানা থাকছে তার ভিতরে। আটাও পরিমাণে কম দিচ্ছে। আর রেশন তো নিয়ম করে দেয়ই না। আমাদের একটাই দাবি, ভাল চাল দিতে হবে।”
মরতজ আলি নামে আরেক গ্রাহকের বক্তব্য, বাকি রেশন ডিলাররা ১ থেকে ৮ তারিখের মধ্যে রেশন দিয়ে দেন। অথচ নির্মলবাবুরই আর রেশন দিতে ইচ্ছে করে না। একেবারে মাস কাবার করে রেশন দেন। অনেকে তো নিয়মিত রেশনও পান না বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তারই প্রতিবাদে এদিন বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
তবে যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই নির্মলকুমার সিংয়ের বক্তব্য, “এমন কিছুই ঘটেনি। দেড় বস্তা চাল ঢেলেছিলাম। একটু খারাপ ছিল বলে বললাম আরেকটা বস্তা ঢালছি। ওরা কিছুতেই তা ঢালতে দিল না। আমি তো চাল বদলাতেও পাঠিয়েছি। আর আটাও যা পাচ্ছি তাই দিচ্ছি। মাসের মাল প্রতি মাসেই দিই। এই অভিযোগ ভিত্তিহীন।”