
মালদহ: স্বামীজির ছবি দেওয়া পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ মালদহের চাঁচলে। কলেজ প্রাঙ্গনে ‘অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে’র পতাকা ছিঁড়ে পদদলিত করে এবং স্বামীজির পোস্টার ছিঁড়ে সমাজ মাধ্যমে সেই ভিডিয়ো পোস্ট করার অভিযোগ উঠল টিএমসিপি কর্মীর বিরুদ্ধে। এভিবিপির অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত তারেক আনোয়ার এখনও বেপাত্তা।
মালদহের সামসি কলেজের ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে চাঁচলে। ধৃতদের নাম দেবজিৎ সাহা ওরফে ঋজু এবং অরিজিৎ রবিদাস। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিয়োতে যাকে দেখা গিয়েছে, সামসি কলেজের ভিতরে এভিবিপির পতাকা এবং স্বামীজির পোস্টার ছিঁড়তে। সেই মূল অভিযুক্ত তারেক আনোয়ার এলাকায় না থাকলেও সামাজিক মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে ভিডিয়ো পোস্ট করেছেন তিনি।
ওই যুবককে দ্রুত গ্রেফতারির দাবি জানিয়েছে এভিবিপি। দুই ধৃতকে এদিন চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে চাঁচল থানার পুলিশ। জানা গিয়েছে, গত ২২ অগস্ট সামসি কলেজে এই ঘটনা ঘটে। তারপর তারিখ আনোয়ার নামে ওই যুবক তাঁর প্রোফাইল থেকে সেই ভিডিয়ো পোস্ট করেন।
ভিডিয়ো ভাইরাল হতেই এবিভিপি চাঁচল থানা সহ উত্তর মালদহের প্রত্যেকটি থানায় অভিযোগ দায়ের করেন। এভিবিপির অভিযোগ, এর আগে চাঁচল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের তরফে রবীন্দ্রনাথের ছবি পোড়ানো হয়েছিল। সেই মানসিকতার এখনও পরিবর্তন হয়নি। প্রত্যেকের কঠোর শাস্তির দাবি তুলেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।